সীতাকুণ্ডে বালু সিন্ডিকেটের দৌরাত্ম্য

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড উপকূলীয় এলাকায় অবৈধ বালু উত্তোলন এখন প্রকাশ্য ঘটনায় পরিণত হয়েছে। নদীতে ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। রাত নামলেই শুরু হয় বালুবাহী ডাম্প ট্রাকের দাপট। সরজমিন দেখা যায়, প্রতিদিন রাত ৯টার পর বাড়বকুণ্ডের মান্দারীটোলা এলাকা দিয়ে একের পর এক ডাম্প ট্রাক চলাচল করছে। স্থানীয়দের দাবি, প্রতিরাতে প্রায় ২০০ থেকে ৩০০ ট্রাক বালু পরিবহন করা হচ্ছে। এসব ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে বন্ধ থাকা মুকবুল রহমান জুট মিল এলাকায় ভরাটের জন্য নেয়া হচ্ছে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যাত্রীরা পড়ছেন সীমাহীন দুর্ভোগে। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে এবং বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, উত্তোলিত বালু দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওই জুট মিল এলাকায় ফেলা হচ্ছে। সেখানে একটি বড় প্রকল্পের জন্য ভরাট কার্যক্রম চলছে বলে জানা গেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বালুবাহী ট্রাক চলাচলের সময় রেললাইন অতিক্রমে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে।
স্থানীয়দের দাবি, গত তিন-চার মাসে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে এক ঘটনায় আহত এক ট্রাকচালক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে বালু উত্তোলন ও পরিবহনের পেছনে একটি প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ কারণে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন