ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে তিন বছর বয়সী শিশু লাবিবকে হত্যার অভিযোগে তার বাবা ও সৎমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত ৩টার দিকে গফরগাঁও উপজেলার বাকুড়া এলাকা থেকে অভিযুক্ত বাবা সোহাগ (৩০) ও তার প্রথম স্ত্রী জাকিয়াকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু লাবিব স্থানীয় বাসিন্দা লামিয়া আক্তারের ছেলে এবং অভিযুক্ত সোহাগের সন্তান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ পূর্ব থেকেই চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং একাধিক বিয়ে করেছেন। পারিবারিক অশান্তির কারণে লামিয়া দীর্ঘদিন ধরে সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। বুধবার বিকাল আনুমানিক ৩টার দিকে সোহাগ লাবিবকে নানার বাড়ি থেকে নিজের বাড়িতে নেয়ার কথা বলে নিয়ে যান। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নানার বাড়ি থেকে প্রায় ৮০০ গজ দূরে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত বাবা সোহাগ (৩০) ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্ত্রী লামিয়া স্বামীর সঙ্গে সংসার করতে রাজি না হওয়া এবং তার কথা না শোনায় ক্ষোভ থেকেই সোহাগ নিজ সন্তানকে হত্যা করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ত্রিশালে বাবার হাতে তিন বছরের শিশু খুন, গ্রেপ্তার ২
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
