সাম্প্রতিক সময়ে যুবদলের নাম ব্যবহার করে কিছু অনাকাঙ্ক্ষিত এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের গোচরীভূত হয়েছে। সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এবং অপতৎপরতা রোধে এক যৌথ বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন। ?বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংগঠনের ভাবমূর্তি রক্ষায় আমরা আপসহীন। দলের নাম ব্যবহার করে যারা অপকর্মে লিপ্ত হবে, তাদের কোনো ছাড় দেয়া হবে না। আমরা তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। শহীদ জিয়ার আদর্শের এই সংগঠন কোনো অপশক্তির অপকর্মের ঢাল হতে পারে না। বিবৃতিতে উল্লেখ করা হয়- সিলেট জেলা, মহানগর, উপজেলা, পৌর বা ওয়ার্ডপর্যায়ের বর্তমান কমিটিতে পদপ্রাপ্ত কিংবা কোনো পদে নেই, এমনকি প্রাথমিক সদস্যও নন, এমন কিছু ব্যক্তি নিজেদের সংগঠনের দায়িত্বশীল পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন। এহেন অপকর্ম জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সংগঠনের দীর্ঘদিনের গৌরবময় ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ?এমতাবস্থায়, সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে বলা হয়েছে সংগঠনের নাম ও পদবি ব্যবহার করে কোনো প্রকার অননুমোদিত কার্যক্রম পরিচালনা করা থেকে সকলকে বিরত থাকা, সংগঠনের নাম-পদবি ব্যবহার করে কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত স্বার্থসিদ্ধি বা কোনো অনৈতিক কাজে লিপ্ত হন, তবে তার কোনো দায়ভার সিলেট জেলা ও মহানগর যুবদল বহন করবে না, পরিচয় জালিয়াতি করে বিভ্রান্তি সৃষ্টিকারী এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। নেতৃবৃন্দ সাধারণ জনগণকে এই ধরনের স্বার্থান্বেষী ও বিভ্রান্তিকর পরিচয় প্রদানকারী ব্যক্তিদের থেকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। কোনো প্রকার সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
সিলেট যুবদলের কঠোর হুঁশিয়ারি
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
