সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিলের নির্দেশ

ফন্ট সাইজ:

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে মেডিকেল রিপোর্ট ৯ই এপ্রিল দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নির্দেশ দেন। এ বিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, বিচার নিজ গতিতে চলবে। কিন্তু মানুষ হিসেবে যদি কেউ অসুস্থ হন বা চিকিৎসার প্রয়োজন হয়, সেটা আমরা যথাযথভাবে দেখবো।
এর আগে, এডভোকেট কামরুল ইসলাম লিভার ক্যান্সারে আক্রান্ত দাবি করে রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসার জন্য আবেদন জানিয়ে গত মঙ্গলবার ট্রাইব্যুনালে শুনানি করেন তার আইনজীবী সিফাত মাহমুদ। তবে, আসামিপক্ষের আইনজীবীর করা সাবমিশন (চিকিৎসা আবেদন) বেশ লম্বা অর্থাৎ প্রায় ৭০ পৃষ্ঠার সাবমিশন হওয়ায় তা পড়ে দেখার জন্য বুধবার শুনানির দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। পরে স্বাস্থ্য প্রতিবেদন দিতে কারা কর্তৃপক্ষকে এ নির্দেশ দেয়া হয়।
আবেদনে বলা হয়েছে, কামরুল ইসলামের ৭৬ বছর বয়স। তিনি বর্তমানে লিভার ক্যান্সার ও ডিমেনশিয়ায় আক্রান্ত। তাকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসার দেয়ার জন্য ট্রাইব্যুনালের ডিরেকশন চাচ্ছি। একইসঙ্গে আবেদনে আরও বলা হয়, যেহেতু কামরুল ইসলামের ছেলেও একজন চিকিৎসক, সুতরাং এভারকেয়ারে চিকিৎসাকালে তিনি যেনো দেখভাল করার জন্য সব সময় হাসপাতালে যাওয়ার অনুমতি পান।
এদিকে, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভুত্থ্যানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কামরুল ইসলামসহ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খানের বিরুদ্ধে আগামী ৯ই এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে। গত ৩০শে মার্চ এ আদেশ দেয়ার কথা ছিল। কিন্তু সেদিন আদেশ না হওয়ায় নতুন দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন