‘শুধু দল নির্বাচন নয়, লীগ বন্ধ মানে ক্রিকেটের ক্ষতি’

‘শুধু দল নির্বাচন নয়, লীগ বন্ধ মানে ক্রিকেটের ক্ষতি’

ফন্ট সাইজ:

গতকাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন হাবিবুল বাশার সুমন। মাসের প্রথম দিনটি ছিল নতুন এই নির্বাচক কমিটির প্রথম কার্যদিবস। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে এদিন নতুন কমিটির সদস্যরা নিজেদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক আলোচনায় বসেন। বাশারের সঙ্গে এই কমিটিতে নতুন দুই নির্বাচক হিসেবে যোগ দিয়েছেন নাঈম ইসলাম ও নাদীফ চৌধুরী। আগে থেকেই প্যানেলে আছেন আরেক নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। নতুন বছরের শুরুতেই এই কমিটির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের স্থবিরতা। ঢাকা প্রিমিয়ার লীগ মাঠে না গড়ানো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচক। অন্যদিকে, আসন্ন নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচন নিয়েও এদিন আলোচনা হয়। আগামী ১৩ তারিখ নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসবে। এটি হোম সিরিজ হওয়ায় হাতে কিছুটা সময় আছে। তাই সফরকারীরা আসার আগেই বাংলাদেশ দল ঘোষণার বিষয়টি দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছেন তিনি। তবে এসব ছাপিয়ে ঢাকা লীগের খেলা বন্ধ থাকার বিষয়টি তাঁদের ভাবিয়ে তুলেছে। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে হাবিবুল বাশার বলেন, ‘এটা সিলেক্টরদের থেকে সাফার করবে পুরো বাংলাদেশের ক্রিকেট। সিলেকশনের আগে তো বাংলাদেশ ক্রিকেট ফার্স্ট। যদি প্রিমিয়ার লীগ না হয়, বাংলাদেশের ক্রিকেটেরই বড় ক্ষতি।’
বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে গত ছয় মাস ধরে ঘরোয়া ক্রিকেট বয়কট করছে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ দায়সারাভাবে হলেও প্রিমিয়ার লীগ মাঠে গড়ানো নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে। এ মাসে ২০ দল নিয়ে তৃতীয় বিভাগের খেলা সিসিডিএম শুরু করতে চাইলেও জানা গেছে, ১৬টি ক্লাব অংশ নেবে না। ক্লাবগুলোর এমন অনড় অবস্থানের কারণে দেশের ক্রিকেটে একপ্রকার স্থবিরতা নেমে এসেছে। লীগ না হলে সবার আগে পুরো বাংলাদেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন প্রধান নির্বাচক। ঘরোয়া ক্রিকেট ছাড়া জাতীয় দলের অস্তিত্ব কোনোভাবেই কল্পনা করা যায় না। নির্বাচক বা নির্বাচন পদ্ধতির ক্ষতির চেয়েও এটি দেশের ক্রিকেটের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। তাই যেকোনো মূল্যে মাঠে ক্রিকেট ফেরানো জরুরি বলে তিনি মনে করেন। ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব তুলে ধরে হাবিবুল বাশার আরও বলেন, ‘ক্রিকেটটা তো শুধুমাত্র ন্যাশনাল টিমের ১৪ জন কিংবা ন্যাশনাল স্কোয়াডের ২০ জন প্লেয়ার নিয়ে নয়। বাংলাদেশ ক্রিকেট নির্ভর করে ঘরোয়া ক্রিকেটের ওপর। ঘরোয়া ক্রিকেট না হলে তো ক্রিকেটের সবচেয়ে বড় ক্ষতি।’

‘আস্থা রাখুন কোয়াবের ওপর’
লীগ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় চরম বিপাকে পড়েছেন দেশের সাধারণ ক্রিকেটাররা। এই টুর্নামেন্ট তাদের বার্ষিক আয়ের অন্যতম প্রধান উৎস। এই সংকটময় পরিস্থিতিতে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন সকল ক্রিকেটারকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি লীগের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি দেশের বেশিরভাগ ক্রিকেটারের আর্থিক নিরাপত্তার মূল জায়গা। এখানে সবচেয়ে বেশিসংখ্যক খেলোয়াড় আর্থিকভাবে উপকৃত হন। টুর্নামেন্ট বন্ধ থাকায় খেলোয়াড়রা বর্তমানে অত্যন্ত কষ্টের মধ্যে দিন পার করছেন। বিষয়টি কোয়াবের নজরে আছে। তাঁরা খেলোয়াড়দের পক্ষ হয়ে বিসিবি এবং সিসিডিএমের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছেন। যত দ্রুত সম্ভব ঢাকা প্রিমিয়ার লীগ মাঠে গড়ানোর জন্য কোয়াবের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন মিঠুন। এই চলমান সংকটের দ্রুত একটি সম্মানজনক সমাধান হবে বলেও তিনি আশাবাদী।

ক্রিকেটারদের উদ্দেশে কোয়াব সভাপতি আরও বলেন, ‘আপনাদের শুধু এতটুকুই বলতে চাই, নির্বাচিত প্রতিনিধিদের ওপর বিশ্বাস রাখতে হবে।’ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে কোয়াব প্রতিনিয়ত খেলোয়াড়দের আস্থার প্রতিদান দেয়ার চেষ্টা করে যাচ্ছে। প্রত্যেকটি ছোট-বড় বিষয় নিয়েই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলোচনা চলছে। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে খেলোয়াড়দের আরও কিছুটা ধৈর্য ধারণ করার বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি। অন্যদিকে, বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশারও মনে করেন, ক্লাব ও বোর্ডের মধ্যকার এই সমস্যার দ্রুত অবসান হওয়া উচিত। কারণ দিন শেষে ক্রিকেট না হলে ক্ষতিটা শুধু গুটিকয়েক ক্রিকেটারের নয়, বরং পুরো দেশের। তাই সংশ্লিষ্ট সকল পক্ষকে নিজেদের অনড় অবস্থান থেকে সরে এসে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে একমত হতে হবে। দেশের ক্রিকেটের পাইপলাইন সচল রাখতে এবং খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ঘরোয়া লীগ শুরু করার কোনো বিকল্প নেই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন