‘নারায়ণগঞ্জে হাম-রোবেলার টিকার মজুত ৭৫ হাজার’

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, হাম-রোবেলা রোগ নিয়ে নারায়ণগঞ্জবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জেলায় বর্তমানে প্রায় ৭৫ হাজার হাম-রোবেলার টিকার মজুত রয়েছে, যা চাহিদা অনুযায়ী পর্যাপ্ত। বুধবার দুপুরে সরকারি সফরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এমপি দিপু বলেন, বিগত সরকার সময়মতো হামের বুস্টার ডোজের টিকা প্রদান করলে আজ এভাবে রোগটির বিস্তার ঘটতো না। রূপগঞ্জে সম্প্রতি দুই শিশুর মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, ওই দুই শিশু শুধু হামেই নয়, অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিল। তিনি আরও জানান, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় খুব শিগগিরই জরুরি চিকিৎসা সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করা হবে। কেউ হাম আক্রান্ত হলে হেল্পলাইনে যোগাযোগের সঙ্গে সঙ্গে চিকিৎসক দল রোগীর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করবে। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌসসহ হাসপাতালের চিকিৎসকগণ। পরিদর্শনকালে এমপি দিপু হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। পাশাপাশি তিনি সরকারি সহায়তায় দ্রুত সময়ের মধ্যে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলো আধুনিকায়নের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন