মায়ানমারে রামগতি কমলনগরের ১০ জেলেসহ আটক ১৬

মায়ানমারে রামগতি কমলনগরের ১০ জেলেসহ আটক ১৬

ফন্ট সাইজ:

বাংলাদেশ জলসীমা থেকে ১৬ মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মায়ানমার কোস্ট গার্ড। তাদের মধ্যে ১০ জনই লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার বাসিন্দা। এ ঘটনায় জেলেদের ফিরিয়ে আনতে কক্সবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন ট্রলার মালিক মিজানুর রহমান। এদিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসন জানিয়েছে, অপহৃত জেলেদের উদ্ধারে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। বুধবার দুপুরে জেলেদের পরিবার তাদের ফিরে পেতে আকুতি জানান। এর আগে, গত ২৩শে মার্চ বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে ‘এফবি মা-বাবার দোয়া’ নামক ট্রলারসহ ওই ১৬ জেলেকে আটক করে নিয়ে যায় মিয়ানমার কোস্ট গার্ড। আটক ১৬ জেলের মধ্যে লক্ষ্মীপুরের রামগতির ৯ জন, কমলনগরের একজন এবং নোয়াখালীর তিনজন রয়েছেন। এ ছাড়া কক্সবাজার, চট্টগ্রাম ও ভোলার আরও তিনজন জেলে ওই ট্রলারে ছিলেন। ট্রলার মালিক মিজানুর রহমান জানান, গত ২৩শে মার্চ মহেশখালী থেকে ১৬ জন মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায় তার ট্রলারটি। পরদিন থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে ২৮শে মার্চ মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি আরও বলেন, অন্য জেলেদের মাধ্যমে জানতে পেরেছি, বাংলাদেশ জলসীমা থেকেই মিয়ানমার কোস্ট গার্ড তাদের আটক করে নিয়ে গেছে। জেলেদের তথ্য সংগ্রহ করে আমরা ইতিমধ্যে কক্সবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে জানিয়েছি। তাদের উদ্ধারে আমরা জরুরি সরকারি হস্তক্ষেপ কামনা করছি। রামগতির চর পোড়াগাছা গ্রামের জেলে মেজবাহ উদ্দিনের স্ত্রী তাছলিমা জানান, তার স্বামী, ভাসুর, নন্দাই ও ভাগিনাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য ওই ট্রলারে ছিলেন। ২৩শে মার্চের পর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন