চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। কক্সবাজার থেকে আসা শিশুটির নাম সাফুয়ান বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সোমবার রাতে শিশুটিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে রাতে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম। জানা গেছে, চট্টগ্রামে আজ সকাল ১০টা পর্যন্ত ৭ জনের হাম ও ১ জনের মধ্যে রুবেলার সংক্রমণ পাওয়া গেছে। এ ছাড়া হামের লক্ষণ নিয়ে ২৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। এই সময়ে ৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর ৭৫ জন হামের লক্ষণযুক্ত রোগীর নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, ‘ওই শিশুর হামের উপসর্গ ছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার হাম হয়েছে কি না তা জানতে কক্সবাজার থেকেই নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল, কিন্তু প্রতিবেদন পাওয়া যায়নি।’ তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম কর্নারে মোট ৩২ শিশু ভর্তি আছে। তাদের মধ্যে হাম আক্রান্ত রয়েছে চারজন।
চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
