মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী ‘পিভিটি সোলানা’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দর-এ নোঙর করেছে। মঙ্গলবার সকালে জাহাজটি বন্দরে পৌঁছায়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বন্দরে একের পর এক ফুয়েল ট্যাংকার ভিড়ছে। চট্টগ্রাম জেলা প্রশাসন এ পর্যন্ত ৯৮টি অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে ১৮টি মামলা দায়ের করা হয়েছে এবং সাড়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বন্দর সূত্র জানায়, জ্বালানি তেলের চাহিদা মেটাতে ধারাবাহিকভাবে বিদেশ থেকে তেলবাহী জাহাজ আসছে। এর আগে গত ২৬শে মার্চ ‘গ্রান কুভা’ নামের একটি জাহাজ ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে বন্দরে পৌঁছায়। একইদিনে অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি বহনকারী ‘এইচএল পাফিন’ কুতুবদিয়া উপকূল এলাকায় এসে পৌঁছায়।
পরদিন (২৭শে মার্চ) ইন্দোনেশিয়া থেকে ‘নিউ ব্রেভ’ নামের আরেকটি জাহাজ আসে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে আসা ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরও একটি তেলবাহী ট্যাংকার বর্তমানে পথে রয়েছে, যা আগামী ৪ঠা এপ্রিল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, গত এক মাসে মোট ৩০টি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভিড়েছে। চলমান বৈশ্বিক পরিস্থিতির মধ্যে ৩ থেকে ৩০শে মার্চ পর্যন্ত এসব জাহাজ আগমন করে এবং ইতিমধ্যে সবগুলো জাহাজ তেল খালাস শেষে ফিরে গেছে। তিনি আরও জানান, আগামী ৪ঠা এপ্রিলের মধ্যে আরও ছয়টি জাহাজ বন্দরে ভিড়ার কথা রয়েছে। এর মধ্যে তিনটিতে এলএনজি, দু’টিতে গ্যাস অয়েল এবং একটি জাহাজে এলপিজি আসবে।
