রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু

নাটোরে হামে আক্রান্ত ৩৮

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

নাটোর জেলা জুড়ে মঙ্গলবার পর্যন্ত ৩৮ জন হামে আক্রান্ত হয়েছে। যার মধ্যে শুধু নাটোর সদর হাসপাতালেই ১৪ জন ভর্তি হয়েছেন। আক্রান্তদের সবাই শিশু। নাটোর সদরের ১৪ জন শিশুর মধ্যে ৮ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, আর চিকিৎসাধীন রয়েছেন ৬ জন বলে জানিয়েছেন সিভিল সার্জন। এদিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন নাটোর সদর উপজেলার ঋশি নওগাঁ গ্রামের সাইফুল ইসলামের তিন মাস বয়সী মেয়ে কাশফি। প্রাপ্ত তথ্য মতে, বর্ণিত শিশুর মৃত্যুর কারণ হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রারে নিউমোনিয়া রোগের কথা উল্লেখ রয়েছে বলে জানা যায়। শিশুটির পিতা সাইফুল ইসলাম দাবি করেন তার শিশুকন্যা গত ২৬শে মার্চ ঠান্ডাজনিত কারণে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির শরীরে র‌্যাশ বের হয়ে শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসক তাকে গত ৩০শে মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটি হাম রোগে মৃত্যুবরণ করেছে স্থানীয় এলাকায় এমন সংবাদে প্রচার হওয়ায় নাটোরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিকে হামে আক্রান্ত শিশুদের আলাদাভাবে হাম ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসা পেলেও আক্রান্ত শিশুদের এমন অবস্থায় দুশিন্তায় সময় পার করছেন রোগীর স্বজনরা। এদিকে হাম পরিস্থিতি নিয়ে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ছাড়াও এতে জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। সভায় আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এ ছাড়া যারা চিকিৎসাধীন রয়েছে তাদের অবস্থা উন্নতির দিকে এবং জেলা জুড়ে রোগী চিহ্নিতকরণ ও তাদের চিকিৎসায় বিশেষ নজর দেয়া হচ্ছে বলে জানান, নাটোরের দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন কামাল উদ্দিন ভূঁইয়া।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন