এবার মাসুদ উদ্দিন ৬ দিনের রিমান্ডে

এবার মাসুদ উদ্দিন ৬ দিনের রিমান্ডে

ফন্ট সাইজ:

মানব পাচার আইনে রাজধানীর পল্টন থানায় করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর এবার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম পুলিশের আবেদনের ওপর শুনানি নিয়ে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আসামির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত সূত্রে জানা যায়, বেলা দুইটায় মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. রায়হানুর রহমান এই মামলায় মাসুদ উদ্দিন

চৌধুরীর সাতদিনের রিমান্ড আবেদন করেন। দ্বিতীয় দফার রিমান্ড আবেদনে বলা হয়, পাঁচ দিনের রিমান্ডে আসামিকে অতি সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সময় স্বল্পতার কারণে আসামির কাছ থেকে পুরো তথ্য পাওয়া যায়নি। তাই আসামিকে আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এক/এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে তার ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি। পরে পল্টন থানার মানব পাচারসংক্রান্ত একটি মামলায় গত মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে পাঁচদিনের রিমান্ডে নেয় ডিবি। এই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। একই মামলায় তাকে দ্বিতীয় দফায় রিমান্ডে পেলো ডিবি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন