মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজেই এখানে যে সকল নেতাকর্মী আছেন, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছেন- আমাদের ধৈর্য ধরতে হবে এবং আমাদেরকে আইনশৃঙ্খলার ভেতরে থাকতে হবে। আর আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়- সেই জিনিসিগুলো করা যাবে না। একইসঙ্গে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের ধৈর্যধারণ করানো শেখাতে হবে। ধৈর্যধারণে সহযোগিতা করতে হবে। অনেক কাজ আছে আমাদের।
আমরা কেউ দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এব্যাপারে প্রত্যেকটি নেতাকর্মীদের সচেতন সতর্ক থাকতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আমাদেরকে চেষ্টা করতে হবে, যাতে সবকিছু স্বাভাবিক থাকে। অফিসে আমি আরও আসবো। কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। অফিসে আসলে নেতাকর্মী সকলের সঙ্গে দেখা-সাক্ষাৎ করা সম্ভব হবে এবং সাংগঠনিক কাজ করা সম্ভব হবে। আমি কথা বোঝাতে পেরেছি? রাস্তা বন্ধ করা যাবে না।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা সবাই যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। রাস্তা এরকম বন্ধ করা যাবে না, মানুষের চলাচলে বাধা ও বিঘ্ন দেয়া যাবে না।
গতকাল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় অফিস করেছেন বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি। সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তিনি। এসময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নিজের চেম্বারে অফিস করেছেন। বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতারা সঙ্গে কথা বলেছেন।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।
এরআগে প্রধানমন্ত্রী সংসদ ভবনে বিএনপি’র সংসদীয় দলের সভায় অংশ নেন। তার সভাপতিত্বে বৈঠকে সংসদ অধিবেশন নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সেখান থেকে প্রধানমন্ত্রী নয়াপল্টনে যান।
দলের চেয়ারম্যানের আসবেন জেনে দুপুর আড়াইটা থেকে নেতাকর্মী-সমর্থকরা কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন। বিকাল সাড়ে ৪টার থেকে নয়াপল্টনের সড়কে মানুষের ঢল নামে। নেতাকর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত’ স্লোগানে মুখর করে রাখেন পুরো এলাকা। সরজমিন দেখা গেছে, পুরানা পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সড়কের দুই পাশে এবং সড়ক বিভাজকের ওপরে অবস্থান নেন নেতাকর্মীরা। তাদের কারও কারও হাতে দলীয় ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিচ্ছিন্নভাবে স্লোগান দিতে দেখা গেছে। এ সময় তারা ‘প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম’, ‘ছাত্রদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’সহ তারেক রহমানের নামে স্লোগান দেন।
অন্যদিকে ঢাকা মহানগরের বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের ঝটিকা মিছিল করতেও দেখা গেছে।

MD.Moniruzaman
২ মাস আগেVERY NICE DECISSION