মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং তেহরানের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ ছাড় আদায় করা গেছে। একই সময়ে একটি সূত্র জানিয়েছে, যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে।
মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, একটি সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্র সঠিক ব্যক্তিদের সঙ্গে কথা বলছে এবং ইরানও চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তিনি বলেন, আমরা এখনই আলোচনায় আছি।
তবে তেহরান সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এ ধরনের খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ওয়াশিংটন ১৫ দফার একটি পরিকল্পনা পাঠিয়েছে। ইসরাইলের চ্যানেল ১২–এর তথ্য অনুযায়ী, এই পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য এক মাসের যুদ্ধবিরতি চায় যুক্তরাষ্ট্র। প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেয়া, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার মতো বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।
এ বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
ট্রাম্প আরও দাবি করেন, ইরান জ্বালানি খাত ও হরমুজ প্রণালি সংক্রান্ত একটি মূল্যবান ছাড় দিয়েছে, যদিও তিনি বিস্তারিত জানাননি। রয়টার্সের দেখা একটি নথি অনুযায়ী, ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাকে জানিয়েছে, অ-শত্রুতাপূর্ণ জাহাজগুলো ইরানের সঙ্গে সমন্বয় করলে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে।
চার সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে কার্যত বন্ধ হয়ে আছে হরমুজ প্রণালি, যার মাধ্যমে বিশ্বে প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়। এতে জ্বালানি বাজারে বড় ধাক্কা লেগেছে এবং দাম বেড়েছে।
এদিকে সংঘাত থামার কোনো লক্ষণ এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
রয়টার্সকে দুইটি সূত্র জানিয়েছে, মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার সদস্যকে ওই অঞ্চলে পাঠানো হতে পারে। এতে আগে থেকেই অবস্থানরত প্রায় ৫০ হাজার মার্কিন সেনার সঙ্গে নতুন বাহিনী যুক্ত হবে, যা সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বাড়াচ্ছে।
অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, একটি সমাধানের লক্ষ্যে অর্থবহ আলোচনা আয়োজন করতে পাকিস্তান প্রস্তুত।
একটি সরকারি সূত্র জানিয়েছে, সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা এগিয়েছে এবং সবকিছু ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই তা হতে পারে।
