অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য দেয়ার কথা ছিল সৌরভ দাসের। পাসপোর্ট ‘ফ্ল্যাগড’ থাকার কথা জানিয়ে তাকে আটকে দেয় দিল্লি বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা। এমন অভিযোগ করেছেন ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ বা ‘তেলাপোকা জনতা পার্টি’র এক নেতা। তিনি বলেন, বৃটেনে যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে তাকে আটকে দিয়েছে অভিবাসন কর্তৃপক্ষ। সেখানে অক্সফোর্ড ইউনিয়নসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য দেয়ার কথা ছিল তার। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দলটির নেতা সৌরভ দাস।
তিনি জানান, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টায় তার একটি ফ্লাইটে ওঠার কথা ছিল। কিন্তু বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা তাকে জানান, তার পাসপোর্ট ‘ফ্ল্যাগড’ বা বিশেষ নজরদারির তালিকায় রয়েছে। ফলে তাকে বিমানে উঠতে দেয়া হয়নি। কেন তার পাসপোর্ট ফ্ল্যাগড করা হয়েছে, তা স্পষ্ট নয়।
এ বিষয়ে মন্তব্য জানতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লি পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। এ বছরের শুরুতে জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভের পর ভারতে পরিচিতি পান সৌরভ দাস। তিনি জানান, আন্দোলন নিয়ে বক্তব্য দিতে তাকে অক্সফোর্ড ইউনিয়ন থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এ ছাড়া ক্যামব্রিজ ও এডিনবরা বিশ্ববিদ্যালয়েও তার বক্তব্য দেয়ার কথা ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ভারতীয় শিক্ষার্থীরা এসব অনুষ্ঠান আয়োজনের জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু এই বুদ্ধিবৃত্তি বিরোধী সরকার আমার এসব মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে যাওয়া নিয়ে ভয় পেয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসিকে বিমানবন্দর কর্তৃপক্ষ ও দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেন। ককরোচ জনতা পার্টির (সিজেপি) আরেক নেতা রত্না সিং এক্সে দেয়া পোস্টে জানান, অক্সফোর্ড ইউনিয়ন তাকে এবং সৌরভ দাসকে আমন্ত্রণ জানিয়েছিল। তবে কয়েক দিন আগে তার ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে।
তিনি লিখেছেন, আজ সৌরভকে যেভাবে বিমানে উঠতে দেয়া হয়নি, তা এ দেশে মতপ্রকাশের স্বাধীনতা এবং তরুণদের কণ্ঠস্বরের জন্য কতটুকু জায়গা রাখা হচ্ছে, সে বিষয়ে গভীর উদ্বেগজনক প্রশ্ন তৈরি করেছে।
