ভারতে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দ্বিতীয়বারের মতো ব্রেন টিউমারের অস্ত্রোপচার এবং আইসিইউতে ১১ দিন কাটানোর পর বর্তমানে তিনি বাসায় বিশ্রামে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে তিনি স্বাভাবিক জীবনে ফিরছেন। এর আগে ফেব্রুয়ারিতে তার প্রথম অস্ত্রোপচার হয় ঢাকার একটি হাসপাতালে। পরে ৪ঠা মার্চ রাতে ফেসবুক লাইভে তানিয়া নিজেই জানিয়েছিলেন, শারীরিক অবস্থা অনেকটা ভালো। এদিকে সম্প্রতি ফেসবুকে তিনি লিখেছেন, অপারেশন, লাইফ সাপোর্ট, আইসিইউ- ১১ দিন। এই পোস্টে ভক্তদের মধ্যে উদ্বেগ ও সহমর্মিতা দেখা দিয়েছে। তানিয়ার শারীরিক অবস্থা নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, চেন্নাইয়ের এম জি এম হাসপাতালে ৯ই মার্চ তার সার্জারি সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর তাকে লাইফ সাপোর্ট এবং আইসিইউতে রাখা হয়। এরপর শনিবার কেবিনে স্থানান্তর করা হয় এবং রোববার বিকালে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চয়নিকা বলেন, তানিয়া এখন অনেকটাই ভালো আছেন। মাথার ব্যাপারে কঠোর নিয়ম মেনে চলতে হবে এবং কোনো ধরনের স্ট্রেস নেয়া যাবে না। তার সঙ্গে ছিলেন তার বোন। আমরা সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করি। অভিনেত্রীর ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠছেন। ভক্তরা সামাজিক মাধ্যমে তার সুস্থতা কামনা করছেন।
