বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’ বাতিল করা হয়েছে। এই সফর নিয়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কিন্তু পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা ও আঞ্চলিক অস্থিরতার কারণ দেখিয়ে শাকিরার ভারত সফর আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। আয়োজক সংস্থা ‘ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো’ ইনস্টাগ্রামে একটি বিবৃতি জারি করে জানিয়েছে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার কারণে শাকিরার ফিডিং ইন্ডিয়া কনসার্ট আপাতত স্থগিত করা হলো। অনুরাগী, শিল্পী ও প্রোডাকশন টিমের নিরাপত্তাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক টিকিট হোল্ডার পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে টিকিটের অর্থ সম্পূর্ণ ফেরত পেয়ে যাবেন। তবে এ ঘোষণায়ও শান্ত হননি অনুরাগীরা।
তারা দাবি জানিয়েছেন কনসার্টটি করার। প্রসঙ্গত, এর আগে মার্কিন র্যাপার কেনি ওয়েস্টের কনসার্টও একই কারণে পিছিয়ে গেছে। ২৯শে মার্চ দিল্লিতে তার অনুষ্ঠান হওয়ার কথা ছিল, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে তা পিছিয়ে আগামী ২৩শে মে নির্ধারণ করা হয়েছে। ২০০৭ সালে সবশেষ ভারতে পারফর্ম করেছিলেন শাকিরা। দীর্ঘ ১৮-১৯ বছর পর ১০ ও ১১ই এপ্রিল মুম্বই এবং ১৫ই এপ্রিল দিল্লিতে তার কনসার্ট হওয়ার কথা ছিল। শাকিরা নিজেও এ সফর নিয়ে উচ্ছ্বসিত ছিলেন, কারণ এ অনুষ্ঠানের নেপথ্যে একটি মহৎ উদ্দেশ্য ছিল। আয়োজকরা জানিয়েছেন যে, তারা শিল্পীর টিমের সঙ্গে কথা বলে নতুন দিন ঘোষণা করার চেষ্টা করছেন।
