হাদি হত্যার কথা ‘অস্বীকার’ ফয়সালের, ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজত

ফন্ট সাইজ:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। ১৪ দিনের রিমান্ড শেষে রোববার বিধাননগর মহকুমা আদালতে ফয়সাল ও তার সহযোগী আলমগীর হোসেনকে হাজির করানো হয়। পুলিশ পাহারায় নিয়ে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফয়সাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন।
ফয়সাল দাবি করেন, তিনি এসব কাজ করেননি, কোনও কিছুর সঙ্গে যুক্তও নন। তবে আলমগীর হোসেন কোনো কথা বলেননি। এদিন বিচারক দুই জনকেই ১২ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।
গত ৭ মার্চ রাতে ফয়সাল এবং আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। ৮ মার্চ তাদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক।
ওদিকে গতকাল শনিবার ওসমান হাদি হত্যায় অভিযুক্তদের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশে সহযোগিতার অভিযোগে পশ্চিমবঙ্গের শান্তিপুর থেকে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন আদালত। এ সময়কালে তাকে জেলে গিয়ে জেরা করতে পারবে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। আবার তাকে ৩ এপ্রিল আদালতে তোলা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন