হরমুজ প্রণালীর কাছে পাহারায় ভারতীয় নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ

ফন্ট সাইজ:

পশ্চিম এশিয়ার হরমুজ প্রণালীর কাছে পাহারায় রয়েছে ভারতীয় যুদ্ধ জাহাজ। এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে নৌবাহিনীকে কী ধরনের নির্দেশ দেওয়া হয়েছে, তারা কোন জাহাজ পাহারা দিচ্ছে, সে বিষয়ে তিনি কিছু পরিষ্কার করে বলতে চাননি। তিনি শুধুমাত্র জানান, হরমুজ সংলগ্ন অঞ্চলে ভারতীয় নৌসেনা সক্রিয় রয়েছে। তারা জাহাজ পাহারা দিচ্ছে। ভারত সরকারের একাধিক উদ্যোগে নৌসেনা সহায়তা করছে।
পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী সামরিক উত্তেজনার কেন্দ্রস্থল হয়ে উঠলেও এই পথ দিয়েই ভারতের কয়েকটি জাহাজ দেশে আসতে সক্ষম হয়েছে। ভারতের জাহাজকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে ইরান। এই আবহে ভারত ওমান উপসাগরে আরও যুদ্ধজাহাজ মোতায়েন করছে। উল্লেখ্য, ২০১৯ সাল থেকেই ওমান উপসাগর থেকে ভারতীয় পণ্যবাহী জাহাজকে এসকর্ট করে দেশের বন্দরে নিয়ে আসে ভারতীয় নৌবাহিনী। আর হরমুজ প্রণালী দিয়ে আরও ভারতীয় জাহাজকে ইরান যেতে দিতে পারে। তাই ওমান উপসাগরে প্রস্তুত থাকছে ভারতীয় নৌসেনা। এই আবহে হরমুজ প্রণালীর পূর্বে ভারতীয় যুদ্ধ জাহাজের সংখ্যা বেড়ে ৬ থেকে ৭ টি হতে পারে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।
কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠকে বিশেষ সচিব রাজেশ কুমার সিন্‌হা জানান, হরমুজ প্রণালীর পশ্চিম প্রান্তে আটকে থাকা ২২টি জাহাজে ৬১১ জন ভারতীয় রয়েছেন। তারা সকলে সুরক্ষিত। নতুন করে কোনও ঘটনা ঘটেনি।
জাহাজ মন্ত্রক জানিয়েছে, ভারত কূটনীতির মাধ্যমে ভারতীয় জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে দেশে নিয়ে আসার চেষ্টা জারি রেখেছে। এবং ইরানও ভারতের ক্ষেত্রে ইতিবাচক রয়েছে।
এর আগে গত ১৬ মার্চ ভারতে এসে পৌঁছেছিল শিবালিক নামক এলপিজি ট্যাঙ্কার। গুজরাটের মুন্দ্রা বন্দরে সেই জাহাজটি এসে পৌঁছায়। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে এটি ভারতের উপকূলে এসে পৌঁছেছে। এর একদিন পরই 'নন্দাদেবী' নামক আরও একটি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে ভারতে এসে পৌঁছায়। তারপর ১৮ মার্চ মুম্বই এসে পৌঁছায় জগ লড়কি নামক একটি ভারতীয় জাহাজ। এই সবকটি জাহাজকে এসকর্ট করে নিয়ে এসেছে ভারতীয় নৌবাহিনী। শিবালিক এবং নন্দাদেবী নামক দুটি ট্যাঙ্কারই ভাড়া করেছিল ভারতীয় রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এবং এই দুটি জাহাজই ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার মালিকানাধীন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন