জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে জানুয়ারি মাসের ছবিতে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে ‘শেখ মুজিবের সহধর্মিণী ও শেখ হাসিনার মা’ লেখা ছাপা হয়েছে। শনিবার অধ্যক্ষ সম্মিলনে এই ক্যালেন্ডার সরবরাহ করা হয়। এই ঘটনায় জড়িত চার কর্মকর্তাকে বরখাস্ত ও একজনকে প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনা তদন্তে কমিটিও করা হয়েছে। এ ছাড়া ক্যালেন্ডারটি ফেরত আনা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
শনিবারের এই সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এসএম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক প্রমুখ। এতে সারা দেশের ২৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের অতিথি, বিদেশি দূতাবাসের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে রোববার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে একটি অনাকাক্সিক্ষত ভুল পরিলক্ষিত হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট ৫ জন কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগ প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপপরিচালক মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় আরও বলছে, এই পরিস্থিতিতে ২০২৭ সালের ক্যালেন্ডারটির সকল প্রকার উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ইতোমধ্যে বিতরণকৃত ক্যালেন্ডারগুলো প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু হয়েছে। কীভাবে এবং কার অবহেলায় এই অনাকাঙ্ক্ষিত ভুলটি সংঘটিত হয়েছে, তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
