বেলজিয়ামে এআই ডেটা সেন্টারের নির্মাণকাজ বন্ধ করল গুগল

বেলজিয়ামে এআই ডেটা সেন্টারের নির্মাণকাজ বন্ধ করল গুগল

ফন্ট সাইজ:

বেলজিয়ামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক একটি ডেটা সেন্টারের নির্মাণকাজ স্থগিত করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। সঠিক পরিকল্পনা অনুমোদন ছাড়াই অবৈধভাবে এটি নির্মাণের অভিযোগে দেশটির কর্তৃপক্ষের আপত্তির মুখে তারা এই সিদ্ধান্ত নেয়। গুগল জানায়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ফার্সিয়েনস শহরের ওই প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।

ওয়ালোনিয়া সরকারের মুখপাত্র নিকোলাস ইয়ারনক্স সঠিক অনুমতি ছাড়া এই নির্মাণকাজকে ‘গুরুতর অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গুগল তাদের প্রস্তাবিত এয়ার কুলিং পদ্ধতির পরিবর্তে পাশের সাম্ব্রে নদী থেকে পানি ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছিল। আঞ্চলিক কর্মকর্তারা সেই আবেদন নাকচ করলেও কাজ অব্যাহত থাকায় স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস বেলজিয়াম তীব্র উদ্বেগ প্রকাশ করে।

অবশ্য গুগল দাবি করেছে, তারা ১৫ বছরের বেশি সময় ধরে বেলজিয়ামে কার্যক্রম চালাচ্ছে এবং স্থানীয় আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন বছরের শুরুতে এ বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে প্রায় ১৩ হাজার ৫০০টি ডেটা সেন্টারের মধ্যে বেলজিয়ামে ৫৪টি এবং যুক্তরাষ্ট্রে ৫ হাজার ২০০টির বেশি রয়েছে; অতিরিক্ত বিদ্যুৎ ও জ্বালানি খরচের কারণে বিশ্বব্যাপী এগুলোর বিরুদ্ধে জনরোষ বাড়ছে।