পাবনার বেড়া মডেল থানায় ককটেল বিস্ফোরণ ও পুলিশের মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও একটি যাত্রবাহী বাসেও আগুন দেয়া হয়।
রোববার ভোর ৪টার দিকে থানাসংলগ্ন শম্ভুপুর মহল্লা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশতাধিক ব্যক্তি এ হামলা চালান বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১২টি টিয়ারশেল ও ১২৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
বেড়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলার আশঙ্কায় পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। পরিস্থিতি আচ করতে পেরে দ্রুত ব্যবস্থা নেওয়ায় হামলাকারীদের ছত্রভঙ্গ করা সম্ভব হয়েছে। হামলার পর স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকেও ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে শম্ভুপুর মহল্লার একদল নারী থানার প্রধান ফটকে এসে বিক্ষোভ করেন। ১৯ নভেম্বর থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার পাঁচজনের মুক্তির দাবিতে তারা স্লোগান দেন। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। এর প্রায় ছয় ঘণ্টা পর ভোর ৪টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি থানার দিকে এগিয়ে যান। তারা ইটপাটকেল ও ফালা-বল্লম নিক্ষেপের পাশাপাশি কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে এ হামলা চলে। এ সময় থানার সামনে থাকা পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং বেড়া-ঢাকাগামী আলহামরা পরিবহনের একটি বাসে ভাঙচুর চালানো হয়।
আলহামরা পরিবহনের অন্যতম স্বত্বাধিকারী মোমিতুল চৌধুরী জানান, হামলায় তাদের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেড়া থানায় ককটেল বিস্ফোরণ, পুলিশের মোটরসাইকেলে অগ্নিসংযোগ
বেড়া (পাবনা) প্রতিনিধি
অনলাইন
১৮ মিনিট আগে
২৯ নভেম্বর (রবিবার), ২০২৬, ৩ঃ৪৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
