নিরাপত্তা শঙ্কায় বরগুনা থেকে ঢাকাগামী সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। তবে বরগুনা থেকে বরিশালসহ অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে বরগুনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। দুপুর ২ টায় বরগুনা সদরে নতুন বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকাগামী কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যাচ্ছে না। ঢাকা ও অন্যান্য গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে টার্মিনালে আসা অনেক যাত্রী বাস না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে চাওয়া যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। এদিকে বরগুনা-বরিশাল, বরগুনা-নিশানবাড়িয়াসহ অভ্যন্তরীণ কয়েকটি রুটে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মো. রোকনুজ্জামান সালাম বলেন, বরগুনা থেকে বরিশালসহ বিভাগের বিভিন্ন রুটে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকাগামী পরিবহন শনিবার রাতে ছেড়ে গেছে এবং কিছু বাস ফিরেও আসছে। তবে নিরাপত্তার স্বার্থে রোববার রাজধানীর সঙ্গে বাস চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের আশঙ্কায় মালিকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান বলেন, বরগুনা থেকে বরিশালসহ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকাল থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বরগুনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
বরগুনা প্রতিনিধি
অনলাইন
৯ মিনিট আগে
২৯ নভেম্বর (রবিবার), ২০২৬, ৩ঃ৩৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
