বৃটেনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ঘিরে ফেলেছিলো ৬টি ড্রোন, সন্দেহের তীর ইরানের দিকে

বৃটেনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ঘিরে ফেলেছিলো ৬টি ড্রোন, সন্দেহের তীর ইরানের দিকে

ফন্ট সাইজ:

বৃটেনের একটি বিমানঘাঁটিতে সন্দেহভাজন ইরানি ড্রোন অনুপ্রবেশ প্রতিহত করেছে মার্কিন বাহিনী। চলতি মাসের শুরুতে ঘাঁটিটির আকাশসীমায় অননুমোদিত ড্রোন তৎপরতার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেয় বলে শনিবার নিশ্চিত করেছে মার্কিন বিমানবাহিনী (ইউএসএএফ)। এ ঘটনার পেছনে ইরান জড়িত থাকতে পারে বলে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ খবর দিয়েছে ফক্স নিউজ।

বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে শনিবার ফিন্যান্সিয়াল টাইমস জানায়, গত ১৩ নভেম্বর ইংল্যান্ডের সাফোকের রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) লেকেনহিথ ঘাঁটির আশপাশে প্রায় ছয়টি ড্রোন দেখা যায়। পরে মার্কিন ড্রোন-প্রতিরোধী প্রযুক্তির মাধ্যমে সেগুলো প্রতিহত করা হয়। ইউএসএএফের এক মুখপাত্র ফক্স নিউজ ডিজিটালকে নিশ্চিত করেন, নিরাপত্তা বাহিনী ওই ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে এবং এতে কোনো কর্মী, উড়োজাহাজ বা অবকাঠামোর ক্ষতি হয়নি। অভিযানগত নিরাপত্তার কারণে নির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা বা ড্রোন-প্রতিরোধী প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করতে রাজি হননি ওই মুখপাত্র। তবে তিনি জানান, বৃটেনের সঙ্গে মিলে মার্কিন নিরাপত্তা বাহিনী ঘাঁটি সুরক্ষায় সমন্বিত ও স্তরভিত্তিক ব্যবস্থা গ্রহণ করেছে এবং যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

তবে ফক্স নিউজ ডিজিটালের প্রশ্নের জবাবে এ ঘটনায় ইরানের সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেনি মার্কিন বিমানবাহিনী। ফিন্যান্সিয়াল টাইমসের তথ্যমতে, ড্রোনগুলোর একটিও উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে সেগুলোতে কোনো অস্ত্র, নজরদারি সরঞ্জাম বা অন্য কিছু বহন করা হচ্ছিল কি না, তা নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আরএএফ লেকেনহিথে মার্কিন বিমানবাহিনীর ৪৮তম ফাইটার উইং বা ‘লিবার্টি উইং’ অবস্থিত, যা ইউরোপে যুক্তরাষ্ট্রের বৃহত্তম যুদ্ধবিমান ঘাঁটি। ইউএসএএফ জানায়, লেকেনহিথ ও পাশের আরএএফ ফেল্টওয়েল ঘাঁটি মিলিয়ে এই উইংয়ে প্রায় ৭ হাজার সক্রিয় সামরিক ও বেসামরিক কর্মী রয়েছেন এবং এখান থেকে চারটি যুদ্ধ-প্রস্তুত ফাইটার স্কোয়াড্রন পরিচালিত হয়।

মার্কিন বাহিনীর ব্যবহৃত বৃটিশ সামরিক স্থাপনাগুলোতে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের মধ্যেই এই ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটল। এর আগে গত সেপ্টেম্বরে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি লক্ষ্য করে কথিত সন্ত্রাসী হামলার পরিকল্পনাসহ বৃটেনে বেশ কয়েকটি নিরাপত্তা হুমকির ঘটনা সামনে আসে। ফক্স নিউজের সংবাদদাতা স্টেফানি বেনেট শনিবার জানান, ফেয়ারফোর্ড ষড়যন্ত্রে জড়িত থাকার কথা অস্বীকার করলেও তেহরান আগে সতর্ক করে বলেছিল যে ইরানি ভূখণ্ডে আগ্রাসনের কাজে ব্যবহৃত ঘাঁটিগুলো তাদের বৈধ টার্গেট। ইতোমধ্যে পেন্টাগন আরএএফ ফেয়ারফোর্ড থেকে তাদের বোমারু বিমান সরিয়ে নিয়েছে বলে জানান তিনি।