যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটায় নতুন রেকর্ড গড়েছেন ক্রেতারা। তবে সরাসরি দোকানে গিয়ে কেনাকাটার হার আগের বছরের তুলনায় কিছুটা কমেছে। শনিবার প্রকাশিত প্রাথমিক তথ্যে এই চিত্র উঠে এসেছে। মাস্টারকার্ড স্পেন্ডিংপালসের তথ্যমতে, জ্বালানি তেল ও গাড়ি বাদে দোকান এবং অনলাইনে মোট খুচরা বিক্রি গত বছরের তুলনায় ৫ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
ই-কমার্স পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাডোবি অ্যানালিটিক্স জানায়, ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রে অনলাইনে মোট ১ হাজার ৩১০ কোটি ডলারের (প্রায় ১ লাখ ৬২ হাজার ৪১৪ কোটি টাকা) পণ্য বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি ও ভোগ্যপণ্যের দাম বাড়লেও শুধু মূল্যস্ফীতির কারণেই বিক্রি বাড়েনি।
সেলসফোর্সের তথ্যমতে, গত বছরের তুলনায় এবার অর্ডারের পরিমাণ ৫ শতাংশ বেড়েছে এবং বিশ্বজুড়ে অনলাইনে রেকর্ড ৮ হাজার ২৭০ কোটি ডলারের (প্রায় ১০ লাখ ২৫ হাজার ৩১৫ কোটি টাকা) বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে অনলাইন ও অফলাইন মিলিয়ে বিক্রি হয়েছে ১ হাজার ৯১০ কোটি ডলার (প্রায় ২ লাখ ৩৬ হাজার ৮০২ কোটি টাকা)। মোট বিক্রির বড় অংশ এখনো সরাসরি দোকানের দখলে থাকলেও এবার ক্রেতাদের উপস্থিতি কম ছিল।
রিটেলনেক্সটের তথ্যমতে, ২০২৫ সালের তুলনায় দোকানে ক্রেতা ২ দশমিক ৯ শতাংশ এবং সেন্সরমেটিক সলিউশনসের হিসাবে ৪ দশমিক ২ শতাংশ কমেছে। মূলত অনলাইনে কেনাকাটার অভ্যাস, বৈরী আবহাওয়া এবং নিত্যপণ্য ও বাসাভাড়ার বাড়তি চাপের কারণে ক্রেতারা কেনাকাটার পরিকল্পনায় পরিবর্তন এনেছেন। অ্যাডোবি ও মাস্টারকার্ড জানায়, এবার ছাড়ের সুযোগে পোশাক ও গৃহস্থালি পণ্যের পাশাপাশি গেমিং কনসোল, স্মার্টফোন ও সফটওয়্যারের মতো প্রযুক্তিপণ্যই ছিল চাহিদার শীর্ষে।
