ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পালাবদলের ভিত্তিতে ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সাথে পালাবদলে তিনি প্রধানমন্ত্রীত্ব করার প্রস্তাব দেন। এর জবাবে নেতানিয়াহুকে তাৎক্ষণিক আলোচনার আহ্বান জানান আইজেনকোট। এর পরপরই নেতানিয়াহুর লিকুদ পার্টি জানায়, জোট গঠনের বিষয়ে আলোচনা করতে রোববার সকালে আইজেনকোটের সাথে বৈঠকে বসবেন তিনি। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান ও আল জাজিরা।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নেতানিয়াহু জানান, পার্লামেন্টে আইজেনকোটের মধ্যপন্থী ইয়াশার পার্টির চেয়ে লিকুদের আসন বেশি হওয়া সত্ত্বেও দেশের অস্তিত্বের সংকট মোকাবিলায় তিনি প্রথমে আইজেনকোটকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে এবং নিজে বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে থাকতে রাজি আছেন।
জবাবে আইজেনকোট জানান, লিকুদ প্রকৃত ঐক্যের জন্য প্রস্তুত কি না তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেখতে তিনি প্রস্তুত। এর আগে শুক্রবার তিনি ৬ ডিসেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যেই নতুন সরকার গঠনের ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট ৫৩টি এবং আইজেনকোটের জোট ৪৮টি আসন পেলেও কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বর্তমানে আইজেনকোট বামপন্থী ডেমোক্রেট ও ডানপন্থী ইসরাইল বেইতেইনু দলের সাথে জোট বেঁধে ৩৬টি আসন নিশ্চিত করেছেন, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে কম। ইসরাইলি সংবাদমাধ্যম জানায়, আরব-ইসরাইলি দল রামের নেতা মনসুর আব্বাস হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে পারেন, যা আইজেনকোটের জোটে তার দলের যোগ দেয়ার পথ সুগম করবে। এদিকে নেতানিয়াহুর প্রস্তাবকে প্রতারণা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ, ইয়ার গোলান ও ইউসুফ জাবারিন।
অন্যদিকে, শনিবার বৃটেন, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ আটটি দেশ এক যৌথ বিবৃতিতে স্থগিত হওয়া ফিলিস্তিনি আইনসভা নির্বাচন ২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যে আয়োজনের আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ডে গণতান্ত্রিক নবায়ন এবং দ্বি-রাষ্ট্র সমাধান রক্ষার জন্য ২০০৬ সালের পর প্রথমবার এই নির্বাচন অনুষ্ঠান অপরিহার্য। উল্লেখ্য, গত মাসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলি বাধার অভিযোগ তুলে ২৮ নভেম্বরের নির্ধারিত নির্বাচন আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেন, যদিও ইসরাইল এই দায় অস্বীকার করেছে।
