মাদারীপুরের শিবচর ও টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়ক এবং পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার ভোর থেকে সড়কের ওপর আগুন জ্বালিয়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
এদিন ভোর ৪টার দিকে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি এলাকা থেকে পদ্মা সেতু পর্যন্ত এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে অবরোধ শুরু করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
অবরোধকারীরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সড়কে মিছিল করেন। এদিকে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ ও অবরোধের কারণে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থানে আটকা পড়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন।
অন্যদিকে মাদারীপুরের টেকেরহাটেও ঢাকা-বরিশাল মহাসড়কে ভোর থেকে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ার পাশাপাশি সড়কের ওপর আগুন জ্বালানো হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন আটকা পড়ে।
অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে অবরোধকারীদের অবস্থানের কারণে তাৎক্ষণিকভাবে সড়ক স্বাভাবিক করা সম্ভব হয়নি। দুই এলাকায় সড়ক অবরোধ ও সংঘাতের কারণে চরম দুর্ভোগে পড়েন দূরদূরান্তের যাত্রীরা। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের বিভিন্ন অংশে যানজটের সৃষ্টি হয়।
এ বিষয় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। মাদারীপুরের পুলিশ সুপারকে একাধিকবার কল দিলেও কল রিসিভ করেননি।
মাদারীপুরে মহাসড়ক অবরোধ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ, যান চলাচল বন্ধ
মাদারীপুর প্রতিনিধি
অনলাইন
১৪ মিনিট আগে
২৯ নভেম্বর (রবিবার), ২০২৬, ১০ঃ৩৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
