শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণে গোলচত্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা শত শত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। রোববার ভোর ৫টায় এ ঘটনা ঘটে। এ সময় লাঠিসোঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন নেতা-কর্মীরা।
মোমবাতি জ্বালিয়ে তিন দিক থেকে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী অবস্থান নেন। বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আওয়ামী লীগকে ধাওয়া করলে তারাও পাল্টা ধাওয়া করেন। আধা ঘণ্টার মতো বিএনপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপির নেতা-কর্মীরা পিছিয়ে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শত শত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়। এরমধ্যে ইব্রাহিম (৩৫) নামে এক যুবলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন। তিনি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য সোনামুখী গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
ফুড এক্সপ্রেস ও ১৫-২০টি দোকান এবং ফুটপাতের দোকানে অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এছাড়া বিএনপি’র নেতা-কর্মীদের অবস্থানরত অস্থায়ী ক্লাবের চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। বিএনপির ও আওয়ামী লীগের উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, প্রায় এক ঘণ্টার মতো আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ্মা সেতুর দক্ষিণে গোলচত্বরে অবস্থান করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পদ্মা সেতু দক্ষিণ পাড় থানার ওসি আব্দুল সালাম বলেন, ‘ভোর ৫টায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ্মা সেতুর দক্ষিণে গোলচত্বরে অবস্থান নিতে শুরু করেন। বিএনপির নেতা-কর্মীরা তাদের ধাওয়া দেন। পরে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা কিছুক্ষণ অবস্থান করে জ্বালাও-পোড়াও করে চলে যান।’
