মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩০ জনে। শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মো বাই জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে এবং পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি বাজারে এই হামলা চালানো হয়। আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায় ঘোষণার এক সপ্তাহের মধ্যেই দেশটিতে বোমা হামলায় প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ছে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘাতে বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের অনুষ্ঠানে মো বাই জেলায় চালানো হামলায় প্রায় ২০ জন নিহত হন। ঘটনাস্থল থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, বোমা হামলার আগে তিনি মাথার ওপর বিমান ওড়ার শব্দ শুনতে পান এবং পরে সেখানে ১৭টি মরদেহ ও বহু আহত মানুষকে পড়ে থাকতে দেখেন। তার ভাতিজিসহ আরও বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।
বাস্তুচ্যুতদের সহায়তাকারী সংস্থা নওয়ে ও ইয়াং চি ফাউন্ডেশনের প্রধান পাঁচ শিশুসহ ২১ জনের মৃত্যু এবং ৪০ জনের বেশি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে দ্বিতীয় দফায় বোমা ফেলা হয় বলেও জানান তিনি। প্রত্যক্ষদর্শীর সরবরাহ করা একটি ভিডিওতে রক্তাক্ত ও ক্রন্দনরত এক শিশুকে উদ্ধার করে ক্লিনিকে নেয়ার সময় তাকে বলতে শোনা যায় যে তার বাবা-মায়ের কাছে চিকিৎসার টাকা নেই।
অন্যদিকে, শনিবার পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরের একটি বাজারে পৃথক বিমান হামলায় ৯ জন নিহত হয়েছেন বলে জানান স্থানীয় একটি সৎকার সংস্থার প্রধান হ্লা মং ও। বাস্তুচ্যুত ৬২ বছর বয়সী হ্লা থান অং জানান, তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে তার ১৭ বছর বয়সী মেয়েকে টেনে বের করলেও হাসপাতালে নেয়ার আগেই মেয়েটি মারা যায়। মেয়েকে বাঁচানোর আশায় দৌড়েও ব্যর্থ হয়ে নিজের বেঁচে থাকা এখন অর্থহীন বলে আক্ষেপ করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে একই এলাকায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো হলে আরও কয়েকজন নিহত হন। এসব হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর দমন-পীড়নের ঘটনায় মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে গত ১৯ নভেম্বর রায় দেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। তবে ২০২১ সালের অভ্যুত্থানের নেতা ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং বৃহস্পতিবার জানান, তার সরকার এই রায়ের অযৌক্তিক অংশগুলো মেনে নেবে না।
এর আগে বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে অঞ্চলের একটি স্কুল ও বৌদ্ধবিহারে সামরিক বাহিনীর বোমা, কামান ও ড্রোন হামলায় নারী ও শিশুসহ ২০ বেসামরিক নাগরিক এবং জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) ৯ সদস্য নিহত হন বলে নির্বাসিত জাতীয় ঐক্য সরকার (এনইউজি) জানায়।
সংঘাত পর্যবেক্ষক সংস্থা অ্যাকলেডের তথ্যমতে, ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পর শুরু হওয়া গৃহযুদ্ধে মিয়ানমারে এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
