প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেলো ঈদুল ফিতরের অন্যতম আলোচিত সিনেমা ‘দম’র অফিসিয়াল ট্রেলার। গত মঙ্গলবার দুপুরে প্রকাশ পায় ট্রেলারটি। একই সময়ে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় ‘দম’ সিনেমার প্রেস কনফারেন্স। সিনেমার ফার্স্ট লুকে যে নান্দনিকতার আভাস পাওয়া গিয়েছিল, ট্রেলারে তা আরও স্পষ্ট ও পূর্ণাঙ্গ রূপ পেয়েছে; যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলেছে প্রশংসার ঝড়। নির্মাতা রেদওয়ান রনির তৃতীয় চলচ্চিত্র ‘দম’ নির্মিত হয়েছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায়। প্রেস কনফারেন্সে নির্মাতা জানান, ‘প্রথম আলো’র ঈদ সংখ্যায় প্রকাশিত একটি গল্প থেকে তিনি এই সিনেমার মূল রসদ খুঁজে পান। সিনেমার গভীরতা সম্পর্কে তিনি বলেন, অনেক টাকা বা অনেক মানুষ যুক্ত হলেই এমন সিনেমা হয়তো করা যায় না।
এমন সিনেমাকে ভেতর থেকে হয়ে উঠতে হয়। সবার ভালোবাসা আর বিশ্বাস না থাকলে এটা সম্ভব না। ট্রেলারে অভিনেতা আফরান নিশোর কণ্ঠে একটি সংলাপ দর্শকদের বিশেষভাবে নাড়া দিয়েছে- ‘জন্মের পরই শুরু হয় দমের খেলা। আর মৃত্যুর যহন আপনি খুব কাছাকাছি, তহন দম ধইরা রাখতে যেমন কষ্টের, দম একবারে ছাইড়া দিতে আরও কষ্ট।’ নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে নিশো জানান, ‘দম’ নিয়ে কথা বলতে গেলে তিনি আবেগপ্রবণ হয়ে যান। এমন একটা কাজের জন্য ইউনিটকে ধন্যবাদ জানান আফরান নিশো। সিনেমার নায়িকা পূজা বলেন, আপনারা সব সময় চেয়েছেন আমি ভালো কাজ করি। আশা করছি ‘দম’ দেখে আপনাদের সেই প্রত্যাশা মিটবে। সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, পাইরেসি রোধে তাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। নিরাপত্তার খাতিরে সিনেমাটি মুক্তির প্রথম ২৩ সপ্তাহ শুধুমাত্র সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সগুলোতে প্রদর্শিত হবে। আপাতত সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি মুক্তি পাচ্ছে না।
