যাদুকাটা সেতুতে অনিয়ম গচ্চা ৪ কোটি টাকা

যাদুকাটা সেতুতে অনিয়ম গচ্চা ৪ কোটি টাকা

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর উপর নির্মাণাধীন শাহ আরেফিন (রা.) অদ্বৈত মহাপ্রভু মৈত্রী সেতুর সাতটি গার্ডার ভেঙে পড়ার ঘটনায় প্রায় চার কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, গার্ডারগুলোর গুরুত্বপূর্ণ অংশ ক্রসগার্ডার নির্মাণের আগেই সেগুলোকে সম্পন্ন ও ত্রুটিমুক্ত দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা বিল পরিশোধ করা হয়েছে। অথচ পরবর্তী সময়ে একে একে ভেঙে নদীতে আছড়ে পড়ে সাতটি গার্ডার। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রত্যয়ন, বিল পরিশোধ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। একদিকে ভেঙে পড়া সাতটি গার্ডার নির্মাণে ব্যয়, অন্যদিকে সেগুলোর ধ্বংসাবশেষ অপসারণে নতুন করে অর্থ ব্যয়ের প্রস্তুতি- সবমিলিয়ে সরকারের প্রায় চার কোটি টাকা গচ্চা যাওয়ার আশঙ্কা। এর মধ্যেই আগের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন উত্তোলিত বিলের বিপরীতে জমা রাখা জামানতের টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে।

গত সপ্তাহে পাঠানো ওই নোটিশের পরই নতুন করে আলোচনায় এসেছে সেতু নির্মাণের অনিয়ম ও আর্থিক ক্ষতির বিষয়টি।
বিশ্বম্ভরপুর-মহেষখলা-মধ্যনগর সংযোগ সড়ক তথা সীমান্ত সড়কের গুরুত্বপূর্ণ অংশ এই সেতু। ৮৫ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটির কাজ ২০১৮ সালের ডিসেম্বরে শুরু হয়। পল্লী সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় কাজটি পায় রাজধানীর ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন। একাধিক দফায় সময় বাড়িয়েও আট বছরে সেতুর নির্মাণকাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। ৭৫টি গার্ডারের মধ্যে এখনো ২২টি এবং ১৫টি স্লাবের মধ্যে চারটির কাজ বাকি রয়েছে। এরই মধ্যে দুই দফায় সাতটি গার্ডার ভেঙে পড়ে। এলজিইডি’র একজন প্রকৌশলীর দেয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ভেঙে পড়া সাতটি গার্ডারের গুরুত্বপূর্ণ অংশ ক্রসগার্ডার নির্মাণের আগেই প্রায় আড়াই কোটি টাকা বিল পরিশোধ করা হয়। তাহিরপুর উপজেলা প্রকৌশলী ও সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী গার্ডারগুলোর কাজ সম্পন্ন ও ত্রুটিমুক্ত উল্লেখ করে প্রত্যয়ন দেন। ওই প্রত্যয়নের ভিত্তিতেই ঠিকাদারি প্রতিষ্ঠান বিল উত্তোলনের সুযোগ পায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, তমা কনস্ট্রাকশন সেতুটির বিপরীতে মোট ৬৩ কোটি ৮১ লাখ টাকা বিল উত্তোলন করেছে।

সংশ্লিষ্ট প্রকৌশলীর তথ্যমতে, ভেঙে পড়া গার্ডারগুলো অপসারণে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে। অর্থাৎ গার্ডার নির্মাণে ব্যয় হওয়া অর্থ এবং সেগুলো অপসারণে নতুন ব্যয়- দুই মিলিয়ে সরকারের প্রায় চার কোটি টাকা ক্ষতির আশঙ্কা রয়েছে। অভিযোগ উঠেছে, অসমাপ্ত ও ত্রুটিপূর্ণ কাজকে সম্পন্ন দেখিয়ে বিল পরিশোধের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা আবুল হোসেন বলেন, সেতুর নির্মাণকাজের শুরু থেকেই অনিয়মের অভিযোগ ছিল। গার্ডার ভেঙে পড়ার পর ঠিকাদারের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা নেয়া হয়েছে কিনা- তা নিয়েও প্রশ্ন রয়েছে। এখন শুনছেন, কাজ ভালো হয়েছে মর্মে প্রত্যয়ন দিয়ে বিল পরিশোধ করা হয়েছে। ঠিকাদার ও বিল প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। সূত্র জানায়, তমা কনস্ট্রাকশনের মালিক আতাউর রহমান মানিক নোয়াখালীর বাসিন্দা। বিগত সরকারের সময়ে মন্ত্রী মির্জা আজমের ঘনিষ্ঠ হিসেবে এলজিইডি’র সদর দপ্তরে পরিচিত ছিলেন তিনি। যাদুকাটা সেতু ছাড়াও একই সড়কের মধ্যনগরের সোমেশ্বরী সেতু ও তাহিরপুরের ডাম্পের বাজার সেতুর নির্মাণকাজ পায় প্রতিষ্ঠানটি। আট বছরেও এসব সেতুর কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি।

তাহিরপুর এলজিইডি’র প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ঠিকাদার কাজ ঠিকঠাকভাবেই করেছেন। যতটুকু কাজ করেছেন, ততটুকুর বিল দেয়া হয়েছে। ক্রসগার্ডার না করায় গার্ডার ভেঙে পড়েছে এবং এতে সরকারের প্রায় চার কোটি টাকা ক্ষতি ও সেতুর কাজ দুই বছর পিছিয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঠিকাদারের জামানত থেকে এই টাকা কর্তন করা হবে। কাজ সঠিক হয়েছে উল্লেখ করে প্রত্যয়নপত্র দেয়ার পর ঠিকাদার জামানতের টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ দিয়েছেন, এখন টাকা কীভাবে কর্তন করা হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে জেনে নেয়ার পরামর্শ দেন। সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, আগের ঠিকাদারকে বাতিল করে সেতুর অসম্পন্ন কাজ শেষ করতে গত ২৫শে অক্টোবর দরপত্র গ্রহণ করা হয়। গত ৯ই নভেম্বর বাসেত প্রকৌশলী নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২৫ কোটি টাকার কার্যাদেশ দেয়া হয়েছে।

ক্রসগার্ডার নির্মাণের আগেই আগের ঠিকাদারকে গার্ডারের বিল দেয়া হলো কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্রসগার্ডার করা হলে গার্ডারগুলো ভেঙে পড়তো না, এটি ঠিক। এলজিইডি সদর দপ্তরের তদন্তেও ঠিকাদারের ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। কাজ সঠিক হয়েছে উল্লেখ করে বিল দেয়ার বিষয়টি এখন আইনি প্রক্রিয়ায় গড়িয়েছে। এ বিষয়ে এলজিইডিও আদালতে লড়বে। অন্যদিকে বর্তমান নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, তিনি নতুন যোগদান করেছেন। এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।