স্ত্রীকে হত্যার পর ১৮ বছর পলাতক, অবশেষে ধরা

স্ত্রীকে হত্যার পর ১৮ বছর পলাতক, অবশেষে ধরা

ফন্ট সাইজ:

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি একরামুল হক রবিন (৪৬) দীর্ঘ ১৮ বছর পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাকে সাটুরিয়া থানায় আনা হয় এবং শুক্রবার সকালে মানিকগঞ্জের আদালতে সোপর্দ করা হয়। রবিন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রফিকুল ইসলাম মিলুর ছেলে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১০ ও ৭ নম্বর ইউনিট এবং সাটুরিয়া থানা পুলিশ তার অবস্থান শনাক্ত করে বায়েজিদ বোস্তামী এলাকায় এ অভিযান চালায়। আত্মগোপনে থেকে দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালে চাঁদপুরের মতলব উপজেলার আশ্বিনপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মিতুর সঙ্গে রবিনের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে মিতুর পরিবারের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। একপর্যায়ে মিতুর পরিবার ১ লাখ ১০ হাজার টাকা দিলেও আরও সাড়ে চার লাখ টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা না পেয়ে ২০০৮ সালের ১৭ই জুলাই মিতুকে নির্যাতনের পর হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরদিন ১৮ই জুলাই মিতুর মামা ইকবাল হোসেন বাদী হয়ে রবিন ও তার বাবা রফিকুল ইসলামকে আসামি করে সাটুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করেন। তদন্ত শেষে ২০০৯ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ২০২১ সালের ৬ই জানুয়ারি মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসামি রবিনকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় রবিনের বাবা রফিকুল ইসলামকে খালাস দেয়া হয়। সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।