দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন ধরণের অপতৎপরতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপি সাংগঠনিক সভা করেছে। গত বৃহস্পতিবার উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের পাঠশালা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসাইন মাহবুব শ্যামল। উপজেলা বিএনপি’র সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, সাবেক পৌর মেয়র মো. হাফিজুর রহমান কচি, জেলার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক ভিপি মো. জহিরুল হক খোকন, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী ও যুবদলের আহবায়ক মো. আবু সুফিয়ান সিদ্দিকী প্রমুখ। বক্তারা বলেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের নেতারা ভারতের আগরতলা ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। এ ব্যাপারে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে করে ওই ফ্যাসিস্টরা এই দেশের মাটিতে পা রাখতে না পারেন।
সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করে দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও সকল প্রকার অপতৎপরতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করা হয়েছে। প্রধান অতিথি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিএনপি’র ঘাঁটি। স্বাধীনতার পর আসনে বিএনপি’র পাশের পাল্লাই ভারী। কিন্তু শুধু দলীয় অনৈক্যের কারণে গত ২০২৬ সালের নির্বাচনে এখানে পরাজয় হয়েছে। আমাদেরকে সকল ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
