গোপালগঞ্জসহ সারা দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম এবং দলটির অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
