আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফেরত আনলো বিজিবি

ফন্ট সাইজ:

মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক হওয়া ৪১ জন বাংলাদেশি জেলেকে মানবিক বিবেচনায় দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিজিবি’র একটি প্রতিনিধিদল নাফ নদের শূন্যলাইন থেকে তাদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে। ফিরে আসা জেলেদের বিভিন্ন মেয়াদের সাজা ভোগ শেষে ফিরিয়ে আনা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী টেকনাফের মিয়ানমার জেটিঘাটে বিকাল ৪টায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

তিনি জানান, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে আরাকান আর্মির সদস্যরা এসব জেলেকে আটক করে। পরে তাদের মিয়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রিত স্থানে বা কারাগারে আটক রাখা হয়। আটক জেলেদের পরিবারের কথা বিবেচনা করে এবং মানবিক দিককে অগ্রাধিকার দিয়ে বিজিবি ধাপে ধাপে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় আজ ৪১জন জেলেকে হস্তান্তর করা হয়।

বর্তমানে স্থানীয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ফেরত আসা জেলেদের পরিচয় যাচাই-বাছাইয়ের কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জেলেদের পরিবার-পরিজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
তিনি আরও জানান, আজকের ৪১ জনসহ চলতি ২০২৬ সালে এ পর্যন্ত মোট ৩২৩ জন আটক জেলেকে বিজিবি’র প্রচেষ্টায় মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এদের বেশির ভাগই গভীর সাগর থেকে ফেরার পথে আটক হয়েছিলেন। বাকি আটক জেলেদেরও নিরাপদে ফিরিয়ে আনতে বিজিবি’র প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ফিরে আসা জেলে টেকনাফ শামলা পুরের সলিম উল্লাহ বলেন, ২০২৩ সালের ১৮ই নভেম্বর সাগরে ট্রলারের ইঞ্জিল বিকল হলে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির হাতে আটক হন। তারা ৬ জন ছিল। দীর্ঘ তিন বছর পর বিজিবি’র সহায়তায় ফিরে আসতে সক্ষম হন।

তিনি আরও বলেন, মিয়ানমারের কারাগারে বিভিন্ন ক্ষেত খামারে কাজ করাতো। আধাবেলা খাবার দিতো। সেখানে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কারাগারে আরও অনেক বাংলাদেশি রয়েছে।