দেশব্যাপী নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর জেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের গোলচত্বর মাদ্রাসা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে এসে শেষ সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন- নায়েবে আমীর অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান ও অধ্যাপক সাদেকুর রহমান, শহর আমীর রাশেদুল ইসলাম রাশেদ, সদর আমীর মীর নুরুন্নবী, লালপুর থানা আমীর মাওলানা আবুল কালাম আজাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিই হলো সন্ত্রাস নৈরাজ্য অগ্নিসন্ত্রাস ও লুটপাট করা।
তাদের উদ্দেশ্য দেশের নিরীহ মানুষ হত্যা করা, বাড়িঘরে আগুন দেয়া, দেশকে অস্থিতিশীল করা। কিন্তু দুঃখজনক বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের দেশব্যাপী বিভিন্ন নাশকতা ঠেকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষের জান মালের নিরাপত্তা দিতে সরকার চরমভাবে ব্যর্থ হচ্ছে। তারা বলেন, ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে আনার অপচেষ্টা করছে। তিনি ডিসেম্বরে হুট করে দেশে ঢুকে পড়বে আর দেশের মানুষ আঙ্গুল চুষবে। সে যদি আসেও দেশের জনগণ তাকে উচিত জবাব দেয়ার জন্য প্রস্তুত। তারা আরও বলেন, গত ২৪শে জুলাই আওয়ামী লীগ দেশের হাজার হাজার মানুষকে গণহত্যা করে আন্দোলনের মুখে পালিয়েছে। তারা আবার দেশে আসতে চায়। দেশকে নিয়ে যেকোন ধরনের ষড়যন্ত্র রুখতে, মানুষের জানমালের নিরাপত্তা আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের নেতা কর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
