চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবার সক্ষমতা বাড়াতে নতুন একটি মেশিন সংযোজন করা হয়েছে। গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেশিনটি হস্তান্তর করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও চমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন। সানশাইন চ্যারিটিজের চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান ও কেনপার্ক চ্যারিটিজের সহযোগিতায় হাসপাতালকে মেশিনটি প্রদান করা হয়। একই সঙ্গে দীর্ঘমেয়াদে ডায়ালাইসিস সেবা আরও সম্প্রসারণে নিজস্ব ব্যবস্থাপনায় একটি ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা নেয়া হয়েছে। অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বলেন, কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা। নিয়মিত ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল অনেক রোগী আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিতে গিয়ে নানা সংকটে পড়েন। এ কারণে সরকারি হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাধারণ ও অসচ্ছল রোগীদের জন্য সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
চমেক হাসপাতালে নিজস্ব ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়ে প্রশাসক বলেন, রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখা এবং সেবার পরিধি বাড়ানোই এ পরিকল্পনার মূল লক্ষ্য। সানশাইন চ্যারিটিজ ও কেনপার্ক চ্যারিটিজের সহযোগিতার প্রশংসা করে ডা. শাহাদাত হোসেন বলেন, মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ চিকিৎসাসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন ডায়ালাইসিস মেশিনটি কিডনি রোগীদের চিকিৎসাসেবায় ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সাবেক পরিচালক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, সানশাইন চ্যারিটিজের চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নুরুল হুদা, ডা. মাসুম ইফতেখার, ডা. ফয়েজ উদ্দিন, ডা. সামিউল করিম, কেনপার্ক চ্যারিটিজের প্রতিনিধি এবং হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
