জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিক মুজাহিদ বলেন, ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যসিবাদ বিরোধী যতদল আছে সবাই ঐক্যবদ্ধ। এনসিপি তো বটেই। ইতিমধ্যে আমাদের ৩৯ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা হয়েছে। কুড়িগ্রামে ৪ তারিখ বিক্ষোভ আছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসবেন। সারা দেশে আমরা মাঠে থাকবো। তিনি বলেন, জুলাই সনদ যদি সংস্কারের রায় অনুযায়ী বাস্তবায়ন করা যেত তাহলে দেশে একটা শৃঙ্খলা ফিরে আসতো। বৃহস্পতিবার দুপুর বেলা একটায় সদর উপজেলার যাত্রাপুর ঘাটে নৌ-এম্বুলেন্স সেবার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, এটা সত্য যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের আরো স্বচ্ছ ভূমিকা পালন করা উচিত ছিল। কিন্তু তা আমরা দেখিনি। তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) অনেক সময় উড়িয়ে দিয়েছিলেন যে এমন কিছু হবে না। এতে জননিরাপত্তার অনেক ঘাটতি হয়েছে।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সরকার আন্তরিক কী না এটা বড় বিষয়। মানুষ এলেই পরিবর্তন চায়। জুলাই সনদের বাস্তবায়ন চায়। আমরা আশা করি সরকার বারবার জুলাই সনদ নিয়ে ডিগবাজি করবে না। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি’র জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা পারভীন, যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর, জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার সফিক মোল্লা প্রমুখ।
