সিরাজগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার হাজতি সুমন সরকার (৩৪) মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিন দুপুরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত সুমন জেলার উল্লাপাড়া উপজেলার ভয়নগর গ্রামের মৃত কাদের সরকারের ছেলে। কারাগারের ভারপ্রাপ্ত জেলার সাইদুল ইসলাম মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সুমন একটি হত্যা মামলার আসামি ছিলেন। গত বছরের ৮ই জুন তাকে আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন সময় অসুস্থ ছিলেন। বুধবার (২৫শে নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন। পরে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরেই তিনি মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।