বোয়ালমারীতে চেক প্রতারণা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ফরিদপুরের বোয়ালমারীতে চেক প্রতারণা মামলায় বোরহান মাহমুদ (৩৮) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বোরহান মাহমুদ বোয়ালমারীর দাদপুর ইউনিয়নের রাঙামুলারকান্দি গ্রামের মওলা শেখের ছেলে ও উপজেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে ছিলেন। ২০১৮ সালে দায়ের করা একটি চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ই সেপ্টেম্বর এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। এর আগে গত গত মঙ্গলবার রাতে ফেসবুকে পদত্যাগের ফটোকার্ড প্রকাশ করেন। পরদিন ফেসবুক লাইভে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার বিরুদ্ধে দল ধ্বংসের অভিযোগ তোলেন।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, বোরহানের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে জিম্মি, চাঁদা দাবি এবং মব সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে বোরহানের বক্তব্য পাওয়া যায়নি। বোরহানের সাংগঠনিক কর্মকাণ্ডের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডাকার কথা জানিয়েছেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা জানান। এদিকে গ্রেপ্তারের আগে দেয়া এক ফেসবুক ভিডিও বার্তায় বোরহান অভিযোগ করেন, খন্দকার নাসিরুলের নির্দেশে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে। একইসঙ্গে কারাগার থেকে বের হয়ে ফরিদপুর-১ আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দেন তিনি। এ ব্যপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইদুর রহমান বলেন, চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।