বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্যের সামনেই কর্মকর্তাদের দুইপক্ষের মারামারির ঘটনায় জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার নেতাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বরখাস্ত হওয়া চার কর্মকর্তাই সংগঠনটির শীর্ষ চারটি পদে দায়িত্ব পালন করছেন।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির উপ-গ্রন্থাগারিক ও জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সাধারণ সম্পাদক মো. মামদুদুর রহমান, সংস্থাপন শাখা-২ এর অতিরিক্ত রেজিস্ট্রার ও ফোরামের সহ-সভাপতি ড. মো. জিয়াউল হক, সংস্থাপন শাখা-১ এর উপ-রেজিস্ট্রার ও ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম এবং ইনস্টিটিউট অব রিসার্চ এঙিলেন্সের প্রিন্সিপাল রিসার্চ অফিসার ও ফোরামের সভাপতি ড. রোকনুজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সংশ্লিষ্ট অনেকে বলছেন, মারামারির ঘটনাটি উপাচার্যের কক্ষে এবং উপাচার্যের সামনে হয়। কিন্তু তিনি সেই সময়টা নীরব ছিলেন। উপাচার্যের ভূমিকা নীরব থাকায় মারামারির আরও কঠিন হয়ে যায়। উপাচার্য যদি সেই সময় নীরব না থেকে কর্মকর্তাদের শান্ত করতেন তাহলে বিষয়টি এত দূর পর্যন্ত গড়াতো না।
এ ব্যাপারে জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের নেতারা জানান, বিশ্ববিদ্যালয় থেকে জাতীয়তাবাদী শক্তিকে নিচ্ছিন্ন করে দিতেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এই ধরনের সিদ্ধান্তে অপরপক্ষের কোনো কিছুই নাই। আর এটি ছিল একটি ফ্যাট ফাইন্ডিং কমিটি যেখানে কোনো সুপারিশও ছিল না। আর আমাকে কোন ধরনের কারণ দর্শন নোটিশও দেয়নি। এব্যাপারে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৫ই নভেম্বর ইউজিসি’র পাঠানো একটি চিঠি নিয়ে উপাচার্যের কক্ষে আলোচনা চলাকালে কর্মকর্তাদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা দুইপক্ষের সংঘর্ষে রূপ নেয়। এ সময় একে-অপরকে লক্ষ্য করে ফুলের টব ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। এতে বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম এবং সংস্থাপন শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. জিয়াউর রহমান আহত হন। রফিকুল ইসলামের মাথায় আঘাত লাগলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়। ঘটনার পরদিন ৬ই নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মাসুদ রানাকে। সদস্যসচিব ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন এবং সদস্য ছিলেন শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. জিন্নাতুল বাশার।
