সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরায় খালি থালা ও কলস হাতে নিয়ে মানববন্ধন করেছেন উপকূলের শত শত নারী। বৃহস্পতিবার বেলা ১১টায় গাবুরা সোরার ক্লাব মোড়ে এ কর্মসূচি পালিত হয়। বনদস্যু আতঙ্কে বনজীবীদের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়া, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, সন্তানদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রমসহ নানা দুর্ভোগের চিত্র তুলে ধরে দ্রুত বনদস্যু নির্মূলের দাবি জানান তারা। এতে বনজীবী, গৃহবধূসহ বিভিন্ন বয়সী নারী ও কিশোরীরা অংশ নেন। কর্মসূচিতে লায়লা খাতুন বলেন, সুন্দরবনে দস্যুদের আতঙ্কে পরিবারের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। সব দিন তার বাড়িতে রান্না হয় না।

দস্যুদের ভয়ে পরিবারের পুরুষ সদস্যরা বনে যেতে পারছেন না। বিলকিস বেগম বলেন, অভাবে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। খাবারের পাশাপাশি দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। বনদস্যুদের কারণে উপকূলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার কথা তুলে ধরেন। তাঁদের ভাষ্য, আয়-রোজগার বন্ধ থাকায় অনেক পরিবারে খাবারের সংকট দেখা দিয়েছে। চরম অর্থকষ্টের কারণে সন্তানদের লেখাপড়া চালিয়ে নেয়াও কঠিন হয়ে পড়েছে। বিক্ষোভকারীরা খালি থালা ও কলস প্রদর্শনের মাধ্যমে উপকূলের মানুষের খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট এবং অসহায়ত্বের চিত্র তুলে ধরেন। তারা দ্রুত সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে কার্যকর অভিযান পরিচালনার দাবি জানান। কর্মসূচিতে সংহতি জানান বনদস্যু নির্মূল কমিটির মুখ্য সমন্বয়ক আশিকুর রহমান, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম বাবলু, মো. ওলিউল্লাহ, শহিদুল্লাহ শেখ, আজগর গাজী।