নারায়ণগঞ্জের বন্দরে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালেব (৫০) হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নবী (৪৬) নামে এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইসমাইল (৪৪), রাজু (২২), সজিব (৩০), হাফেজ ওরফে হাফিজ (২৬), হোসাইন (২১) ও তানজিল ইসলাম (২০)। তারা সবাই বন্দর এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ২০২১ সালের ৩১শে আগস্ট রাতে বন্দরের শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোতালেবের ওপর হামলা চালানো হয়। আলীমুদ্দিন প্রধানের বাড়ির সামনে পাকা সড়কে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ল্যাবএইড হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১লা সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকসুদা বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রথমে আটজনকে আসামি করা হয়। পরে পুলিশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে। এ মামলায় রাজু ও সজিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে ২০২২ সালের ২৭শে জুন সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নজরুল ইসলাম মাসুম জানান, দীর্ঘ বিচারিক কার্যক্রমে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ও অন্যান্য প্রক্রিয়া শেষে ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই মামলায় নবী নামে অপর এক আসামিকে খালাস দেয়া হয়। এদিকে, আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের স্ত্রী মাকসুদা। তিনি এ রায়ে সন্তুষ্ট নন জানিয়ে ন্যায়বিচারের দাবিতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
