মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) মিরপুর শাহ আলী মাজারে মাদকবিরোধী অভিযান চালিয়েছে। বুধবার দুপুরে অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস এবং অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদের নেতৃত্বে পোশাকধারী এবং সাদা পোশাকের গোয়েন্দা টিমের ২৫ সদস্যের সমন্বয়ে একটি টিম সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এসময় সাতজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসব মাদক ব্যবসায়ীর কাছে বিপুল পরিমাণ গাঁজার পুরিয়া এবং মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়। উক্ত অভিযানে পাঁচজন পুরুষ এবং দুইজন মহিলা মাদক ব্যবসায়ীকে হাতেনাতে মাদকসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোঃ শান্ত (২৫), মোঃ মিরাজ (৩২), মোঃ হারুন (৩৮), দুলাল (৫৩), মোঃ মিলন (৫৫)। এ ছাড়া আটককৃত মহিলা দুইজন হলেন-পিংকি ওরুফে স্মৃতি (২৫), মিনারা বেগম (৪০)। তাদের কাছ থেকে কাগজের পুরিয়া আকারে সাজানো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। যার ওজন মোট ২ কেজি ৩০০ গ্রাম। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস এসব মাদক ব্যবসায়ীকে নিজ হেফাজতে মাদকদ্রব্য সংরক্ষণ, সেবন ও বিক্রয়ের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।
উপপরিচালক শামীম আহম্মেদ বলেন, শাহ আলী মাজারের মতো একটি পবিত্র এবং সংরক্ষিত স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের বিষয়টি উদ্যোগজনক। তাই ঢাকা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উত্তর) কার্যালয়ের পক্ষ থেকে মাজার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আরো কার্যকর ভাবে এলাকাটিতে মাদক নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করা হবে।

নজরুল ইসলাম
২ মাস আগেদেশের সব মাজারগুলো মাদকের আখড়া।আর এসব মাদকের আখড়া এতদিন প্রশাসনের সহযোগিতায় চলে এসেছে।কাজেই প্রশাসন যদি ঠিক হয় তা হলে এসব বন্ধ করা সম্ভব হবে।