আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও (ওঈঅঙ)-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমি বাংলাদেশে অনুষ্ঠিত আইকাও অনুমোদিত এভিয়েশন নিরাপত্তা জাতীয় পরিদর্শক প্রশিক্ষণ কোর্স” সফলভাবে সম্পন্ন হয়েছে। সাত কর্মদিবসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেশি-বিদেশি মোট ১২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং সফলতার সঙ্গে কোর্স সমাপ্ত করেন। কোর্সটিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইকাও অনুমোদিত ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল এভিয়েশন নিরাপত্তা তদারকি কার্যক্রমে দক্ষ ও যোগ্য জাতীয় পরিদর্শক তৈরি করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা।
কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার কমোডর মোহাম্মদ আসিফ ইকবাল, সদস্য (নিরাপত্তা)। তিনি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অর্জিত জ্ঞান ও দক্ষতাকে দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি কোর্সের সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে দেশের বিমান চলাচল খাতের মানবসম্পদ উন্নয়নে একাডেমির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, আসন্ন “আইকাও নিরাপত্তা নিরীক্ষা”এর প্রেক্ষাপটে এই কোর্সটি বিশেষ গুরুত্ব বহন করছে। প্রশিক্ষণের মাধ্যমে এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টরদের আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা অর্জন নিশ্চিত হবে, যা দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
