চুয়েট ফের ‘কমপ্লিট শাটডাউন’

ফন্ট সাইজ:

উপাচার্যকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার অবসান না হওয়ায় আবারো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার থেকে এ কর্মসূচি কার্যকর হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক আলোচনা সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। আন্দোলনকে আরও সংগঠিত ও জোরালো করার লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভা শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।

এ সময় বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হলেও সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও স্থায়ী কোনো উদ্যোগ দেখা যায়নি। বরং দীর্ঘস্থায়ী অচলাবস্থায় একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সব ব্যাচের সম্মতিক্রমে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন চলবে। আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এদিকে, কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, গত দুই মাস ধরে চুয়েটের আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। কিন্তু সংকট সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাই স্থায়ী সমাধান না আসা পর্যন্ত সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে।

গত ২১শে সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়ার পর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এ নিয়োগের প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮শে অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হয়। তবে উপাচার্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অসন্তোষ ও আন্দোলন অব্যাহত থাকে। দীর্ঘদিনেও সংকটের সমাধান না আসায় আবারো কঠোর কর্মসূচিতে গেলেন শিক্ষার্থীরা। ফলে নতুন করে অনিশ্চয়তায় পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।