প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মতবিনিময় করেছেন দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সদস্যরা। গতকাল দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সম্পাদক পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও দ্য নিউএজ সম্পাদক নূরুল কবীর, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান
চৌধুরী, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক এবং সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ।
সাক্ষাৎকালে প্রেসিডেন্ট সম্পাদকদের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের ব্যাপারে খোঁজখবর নেন। সাক্ষাৎকালে সম্পাদক পরিষদের সদস্যরা বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। এ সময় তারা একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, জনস্বার্থে দায়িত্বশীল গণমাধ্যমের সঙ্গে রাষ্ট্র ও সরকারের আরও কার্যকর ও নিয়মিত সংযোগ এবং সমন্বয়ের ওপর জোর দেন। প্রতিনিধিদল গণমাধ্যম যেন একটি স্বাধীন, মুক্ত ও নিরাপদ পরিবেশে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে পারে তা নিশ্চিত করতে রাষ্ট্রের সহযোগিতা চান। প্রেসিডেন্ট এ ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় শেষে প্রেসিডেন্ট সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. সরওয়ার আলম এ সময় উপস্থিত ছিলেন।
