আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে...
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি সবারই পড়া।
বাংলাদেশের বুক জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য নদ-নদী, শাখা নদী, উপনদী ও খাল-বিল। হাজারো নদীর কলতানে মুখর বাংলার সবুজ জনপদ। নদী যেন বাংলাদেশের প্রকৃতির এক অপরূপ অলংকার, মানুষের জীবন-জীবিকা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এদেশের জন্ম, বেড়ে ওঠা, সভ্যতা, অর্থনীতি ও লোকজ ঐতিহ্যের সঙ্গে নদীর সম্পর্ক অত্যন্ত নিবিড়। তাই তো কবির কণ্ঠে উচ্চারিত হয় ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’...। এই ছোট নদীর মধ্যেই যেন লুকিয়ে আছে বাংলার চিরচেনা রূপ, সৌন্দর্য ও মমতা। কবি তার কবিতার ভেতরই নদীর চরিত্র এবং সৌন্দর্য তুলে এনেছেন।
বাংলাদেশের নদীগুলোর সৌন্দর্য একেক ঋতুতে একেক রকম। ঋতু বৈচিত্র্যের এই দেশে নদীও যেন ঋতুর সঙ্গে নিজেকে নতুন করে সাজায়। বর্ষায় নদীর অন্যরকম রূপ দেখি আমরা। ভীষণ ভয়াল রূপ ধারণ করে নদীগুলো। বিশেষ করে পদ্মা, মেঘনা, যমুনা, বাঁকখালি, মধুমতি তাদের রুদ্রমূর্তি ধারণ করে। তখন তার রূপ হয়ে ওঠে দুর্দান্ত, দুর্বার ও প্রমত্ত। দু’কূল ছাপিয়ে ছুটে চলে নদীর জলরাশি। ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ে তীরে। কোথাও নদীর স্রোত এতটাই প্রবল হয় যে, মনে হয়, প্রকৃতির সমস্ত শক্তি যেন নদীর বুকে এসে ভর করেছে। ভাঙে মানুষের ঘরবাড়ি, ভাসিয়ে নেয় ফসলের মাঠ, জনপদ; আবার সেই নদীর পলিতেই জন্ম নেয় নতুন উর্বর জমি।
বর্ষার নদী যেমন প্রমত্ত, হেমন্তের নদী তেমনি শান্ত, স্নিগ্ধ। বর্ষার জল নেমে গেলে নদীর বুকে জেগে ওঠে চর। কোথাও কোথাও নদী সরু হয়ে আসে। স্বচ্ছ পানির উপর ভেসে বেড়ায় সোনালি রোদের ঝিলিক। চিকচিক করে পানি। দুই তীরে তখন পাকা ধানের ক্ষেত, শরতের কাশফুল হেমন্তেও দোল খায়। নদীর বুকে ধীরগতিতে চলে ছোট ছোট নৌকা। মাঝির কণ্ঠে ভেসে আসে ভাটিয়ালি গান। দূর থেকে শোনা যায় গরুর গাড়ির চাকার শব্দ। নদী তীরবর্তী এলাকার কৃষক ছোট ছোট নৌকায় ধান নিয়ে পাড়ি দেয়।
যাদের জন্ম ঢাকাতে তাদের গ্রামীণ পরিবেশ দেখার সৌভাগ্য তেমন হয় না। নদীতে সাঁতার কাটতে না পারার আক্ষেপ রয়ে যায়। কিন্তু নদীর পাড়ে বসে সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয়েছে। আমাদের নদীগুলোর কতো সুন্দর সুন্দর নাম। পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, সন্ধ্যা, করতোয়া, রূপসা, ভৈরব, মাথাভাঙ্গা, আড়িয়াল খাঁ, কপোতাক্ষ, ব্রহ্মপুত্র, ধনু, নরসুন্দা, মাতামুহুরী, নাফ, কীর্তনখোলা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, সুরমা, কুশিয়ারা, তিতাস-এরকম শত শত নাম।
আমাদের নদীগুলো সাহিত্যের বিরাট একটি অনুষঙ্গও বটে। নদী নিয়ে অনেক নাটক-সিনেমা হয়েছে। তিতাস একটি নদীর নাম, পদ্মানদীর মাঝি, কীর্তনখোলা সহ অসংখ্য গান কবিতা, নাটক। বাংলাদেশের লোকসংগীত, কবিতা, গল্প, উপন্যাস ও চিত্রকলায় নদী বারবার উঠে এসেছে। নদী তীরে গড়ে উঠেছে রিসোর্ট, ফুড কর্নার সহ বিনোদন কেন্দ্র।
নদী শুধু সৌন্দর্যের উৎস নয়, আমাদের অর্থনীতি ও জীবনধারারও প্রধান অবলম্বন। নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন অসংখ্য জেলে। নদীপথে পণ্য ও মানুষ পরিবহনের মাধ্যমে গড়ে উঠেছে ব্যবসা-বাণিজ্যের বিশাল বাজার। কৃষিজমিতে পানি সরবরাহ, জমির উর্বরতা বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নদীর ভূমিকা অপরিসীম। কিন্তু দুঃখের বিষয়, আমাদের অনেক নদী আজ অস্তিত্ব সংকটে। দখল, দূষণ, অপরিকল্পিত বাঁধ, বালু উত্তোলন এবং নাব্য হারানোর কারণে বহু নদী তার স্বাভাবিক প্রবাহ হারিয়ে ফেলছে। কোথাও নদীর বুক ভরাট করে গড়ে উঠছে বড় বড় স্থাপনা, কলকারখানা। সেসব কলকারখানার শিল্পবর্জ্যে দূষিত হচ্ছে পানি। মরে যাচ্ছে মাছ। আমাদের ঢাকার পাশের নদী বুড়িগঙ্গার অবস্থা আরও ভয়াবহ। এখন সেখানে সাকার মাছের আনাগোনা। মিঠাপানির মাছ নেই বললেই চলে।
অনেক নদী আজ অনেক জায়গায় মরা খালে পরিণত হয়েছে। নদী হারিয়ে গেলে শুধু একটি জলধারা হারায় না, হারিয়ে যায় জীববৈচিত্র্য, জীবিকা, ঐতিহ্য ও প্রকৃতির ভারসাম্য। তাই নদীকে বাঁচানো এখন সময়ের দাবি। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে হবে, দখল ও দূষণ বন্ধ করতে হবে, নিয়মিত নদী খনন ও সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। বিশেষ করে চাঁদপুরে যেখানে ইলিশের প্রজনন হয় সেই এলাকায় ড্রেজিং করা থেকে বিরত থাকতে হবে। ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলনের কারণে সেখানে মা ইলিশ কম আসে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের ভূমিকা নিতে হবে। একই সঙ্গে নদী সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। কারণ নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে, নদী বাঁচলে বাঁচবে আমাদের প্রকৃতি ও জনজীবন।
সামছুল ইসলাম নান্টু নামে একজন বিটিভিতে একটি অনুষ্ঠান করতেন। সেই অনুষ্ঠানের শুরুতেই নদী নিয়ে একটি গান থাকতো। মানুষকে নদী রক্ষায় সচেতন করাই ছিল সেই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।
নদীর বাঁকে বাঁকে ছড়িয়ে আছে বাংলার অপরূপ সৌন্দর্য, মানুষের হাসি-কান্না, সুখ-দুঃখ আর হাজার বছরের ইতিহাস। এই নদীকে ঘিরেই আমাদের জীবন, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। তাই নদীকে শুধু প্রকৃতির সম্পদ হিসেবে নয়, জাতীয় ঐতিহ্য ও অস্তিত্বের অংশ হিসেবে ভালোবাসি। নদীর বাঁকে বাঁকে বেঁচে থাকুক বাংলার চিরায়ত সৌন্দর্য, বেঁচে থাকুক আমাদের প্রাণের বাংলাদেশ। তাহলেই আমাদের হৃদয়ে বিশ্বাসে থাকবে-
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে...
