মুন্সীগঞ্জে বিএনপি’র দু’পক্ষে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, নিহত ১

মুন্সীগঞ্জে বিএনপি’র দু’পক্ষে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, নিহত ১

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জ সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে মোল্লাকান্দি। এ সময় সংঘর্ষে সেলিম (৩৫) নামে একজন নিহত ও ককটেলের স্প্লিন্টারে গুরুতর আহত হয়েছে চার বছর বয়সী শিশু আব্দুর রহিম। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া একই ঘটনার পর মেঘনার শাখা নদী সাঁতরে পার হওয়ার সময় আলমগীর দালাল (৪০) নামে একজন নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান মানবজমিনকে বলেন, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে সেলিম মোল্লা নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান হাত ক্ষতবিক্ষত ছিল।

এ ছাড়া গুলিবিদ্ধ শিশুসহ আরও দু’জন হাসপাতালে আসেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি’র দু’টি পক্ষ আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপক্ষের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওয়াহিদ রায়হান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ফ্রান্স প্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লা। অপরপক্ষের নেতৃত্বে সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন। নিহত সেলিম ও আহত সবুজ আওলাদ মোল্লার পক্ষের। বর্তমানে সংঘর্ষের নেতৃত্ব দিচ্ছেন রহিম মোল্লা ও আওলাদ হোসেন। স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রহিম মোল্লার লোকজন চরডুমুরিয়া এলাকায় এসে অতর্কিত হামলা চালায়। পরে আওলাদ হোসেনের লোকজন পাল্টা হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে কংসপুরা, চরডুমুরিয়া, সামারচর, রাজারচর, আসুরান, পূর্ব মাকাহাটি ও মোল্লাকান্দি গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এরপর হামলা, পাল্টাপাল্টি হামলা, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় চরডুমুরিয়া এলাকার সেলিম মোল্লাসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ সময় সংঘর্ষে গুরুতর আহত সেলিমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ নিজেদের পক্ষের দাবি করে দুইপক্ষের লোকজন হাসপাতালে ভিড় করে। এ ছাড়া সংঘর্ষের মধ্যে ককটেলের স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হয় চার বছর বয়সী শিশু আব্দুর রহিম। তার বাড়ি মোল্লাকান্দি ইউনিয়নের আশুরান গ্রামে। শিশুটির পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যাওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। অন্যদিকে সংঘর্ষের পর মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে মেঘনার একটি শাখা নদী সাঁতরে তীরে ওঠার সময় আলমগীর দালাল (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হন। বৃহস্পতিবার সকাল ৯টা ২৭ মিনিটে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে এ খবর পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।