নাজমুলের দেখা মিললো টুঙ্গিপাড়ায়

সিলেটে ভিডিও ভাইরাল

নাজমুলের দেখা মিললো টুঙ্গিপাড়ায়

ফন্ট সাইজ:

টুঙ্গিপাড়ায় দেখা মিললো নাজমুল ইসলামের। তিনি নিষিদ্ধ ঘোষিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি। টুঙ্গিপাড়ায় অবস্থান করা তার দু’টি ভিডিও ভাইরাল হয়েছে। মুহূর্তেই ভিডিও দু’টি ভাইরাল হয়। কমেন্ট বক্সে নানা মন্তব্য। কেউ জানাচ্ছেন স্বাগত, কেউ দিচ্ছেন চ্যালেঞ্জ। নাজমুল ইসলাম টিলাগড়কেন্দ্রিক ছাত্রলীগের রণজিতের অন্যতম সহযোগী। গণ-অভ্যুত্থানের পূর্বে নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বিরোধী শিবিরে নাজমুল ছিল আতঙ্ক। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে সিলেটে আর তাকে দেখা যায়নি। পূর্বের কর্মকাণ্ডের কারণে তার ওপর ক্ষোভ ছিল বিএনপি ও ছাত্রশিবিরের নেতাদের। অভ্যুত্থান পরবর্তী সময়ে তার বাসা একাধিকবার ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তার পরিবারের সদস্যরাও পালিয়ে যান সিলেট থেকে। এদিকে অভ্যুত্থানের কয়েক দিন পর নাজমুলের দেখা মিলে ভারতের শিলংয়ে। পা

লিয়ে গিয়ে তিনি সেখানে অবস্থান নেন। তার সঙ্গে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদের দেখা মিলে। সূত্র বলছে, ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে কিছুদিন অবস্থানের পর নাজমুলসহ ছাত্রলীগ নেতারা কোলকাতায় অবস্থান নেন। দীর্ঘ ২৮ মাস ধরে তিনি ওখানেই ছিলেন। সর্বশেষ ৮ই নভেম্বর যখন কার্যক্রম নিষিদ্ধ সিলেট আওয়ামী লীগের নেতা ও সাবেক এমপি রণজিত সরকার দেশে আসেন তখনো নাজমুলের অবস্থান ছিল কোলকাতায়। সেখান থেকে তিনি রণজিতের কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। একইসঙ্গে শিগগিরই দেশে ফিরছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানও দেন। চারদিন আগে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন নাজমুল ইসলাম। তার দেখা মিলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে।

ভিডিওতে দেখা যায়, নাজমুল হাঁটছেন। সঙ্গে গোপালগঞ্জ ছাত্রলীগের কয়েকজন নেতা। তারা কমপ্লেক্সের বাইরের এলাকায় হাঁটাহাঁটি করছিল। এই ভিডিও’র মাধ্যমে নাজমুল জানান দেন তিনি বাংলাদেশে ঢুকেছেন। দু’দিন আগে আরেকটি ভিডিও প্রকাশ পেয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, নাজমুল গোপালগঞ্জ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করছেন। এ ভিডিওটিও সিলেটে ভাইরাল হয়। নাজমুলের ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, গত ১০-১২ দিন আগে নাজমুল ইসলাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর তিনি অবস্থান নেন টুঙ্গিপাড়ায়। বর্তমান ওখানেই তিনি বসবাস করছেন। তার সঙ্গে সিলেট ছাত্রলীগের অন্য কোনো নেতাকর্মী এসেছেন কি না, সে বিষয়টি জানাতে পারেননি তারা। জানান, দলীয় নির্দেশেই নাজমুল দেশে এসেছেন। তবে তার সিলেটে আসার কোনো খবর নিশ্চিত করে জানাতে পারেননি তারা।