ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে

ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে

ফন্ট সাইজ:

কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে যাত্রাবাড়ী থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রিমান্ডে নেয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত তার তিনদিনের রিমান্ড আদেশ দিয়েছে। এর আগে বৃহস্পতিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ডিবি। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা করে পুলিশ। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারী জোনাল টিমের এসআই মো. শাহাদাত হোসেন নাফিজ তার পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদন বাতিল চেয়ে ডরিনকে প্রয়োজনে কারাফটকে জিজ্ঞাসাবাদের প্রার্থনা করেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। শুনানি নিয়ে বিচারক তিনদিনের রিমান্ড আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন শুনানিতে বলেন, মামলার অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার, বিস্ফোরক সম্পর্কে তথ্য জানা এবং অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য রিমান্ড প্রয়োজন।
ডরিনের পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ডের বিরোধিতা করে বলেন, মামলায় ডরিনের মক্কেলের নাম নেই। সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিও আইনের শিক্ষার্থী। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। রাজনৈতিক মামলায় তাকে হয়রানি করা হচ্ছে। দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে তিনি জড়িত নন।

ডরিনের বিরুদ্ধে করা মামলার বিবরণে বলা হয়, গত ৯ই নভেম্বর রাত সোয়া ৮টার দিকে যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় ‘দুষ্কৃতকারীরা’ আইনশৃঙ্খলা বিঘ্নিত ও নাশকতা করতে জড়ো হন। এসময় তারা ককটেল বিস্ফোরণ ঘটান। এ মামলায় ডরিনের রিমান্ড আবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডরিনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তার রিমান্ড প্রয়োজন।